পান্ডার হজমশক্তি
জায়ান্ট পান্ডার প্রিয় খাবার বাঁশ। কিন্তু তারা এই খাবার ঠিকমতো হজম করতে পারে না। কারণ তাদের অন্ত্রে ব্যাকটেরিয়ার যে সমন্বয় থাকে, তা বাঁশের অণুগুলো ভাঙার উপযুক্ত নয়। অথচ প্রায় ২০ লাখ বছর ধরে জায়ান্ট পান্ডা প্রজাতি মূলত এই বাঁশ খেয়েই টিকে আছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন সাময়িকী এমবায়োতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে চীনের একদল বিজ্ঞানী গত মঙ্গলবার এই বিচিত্র তথ্য জানিয়েছেন। গবেষকেরা ৪৫টি জায়ান্ট পান্ডার ওপর বছরব্যাপী পর্যবেক্ষণ চালিয়ে দেখতে পান, প্রাণীটির পরিপাকতন্ত্র অন্যান্য তৃণভোজীর চেয়ে সম্পূর্ণ ভিন্ন। বরং সর্বভূক ভালুকের পরিপাকতন্ত্রের সঙ্গে জায়ান্ট পান্ডার আন্ত্রিক ব্যাকটেরিয়ার অনেক মিল রয়েছে। চীনে বর্তমানে প্রায় ১ হাজার ৯০০ জায়ান্ট পান্ডা বসবাস করছে। একেকটি প্রাণী প্রতিদিন ১৪ ঘণ্টায় সাড়ে ১২ কেজি বাঁশ খায়, কিন্তু হজম করতে পারে মাত্র ১৭ শতাংশ। এএফপি।