পাবনা জেলার ই-সেবাকেন্দ্র চালু
‘জনগণের দোরগোড়ায় সেবা’ স্লোগান নিয়ে গতকাল মঙ্গলবার পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ই-সেবাকেন্দ্র চালু করা হয়েছে। এ কেন্দ্রের মাধ্যমে জেলার সব নাগরিক ইন্টারনেটের মাধ্যমে জেলা প্রশাসন কার্যালয়ের বিভিন্ন তথ্য ও সেবা নিতে পারবেন। এ উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এতে সভাপতিত্ব করেন। তিনি বলেন ই-সেবাকেন্দ্র আমাদের কাজ আরও গতিশীল করবে। এখন থেকে জেলা প্রশাসনে কোনো কাজের জন্য দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না। ই-সেবাকেন্দ্র থেকেই সব তথ্য পাওয়া যাবে। সভায় ই-সেবাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা, জেলা ই-সেবাকেন্দ্র এরই অংশ। এই কেন্দ্রের মাধ্যমে জেলা প্রশাসনের সব কার্যক্রমকে ইন্টারনেটের আওতাভুক্ত করা হবে। জেলার যেকোনো নাগরিক ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে জেলা প্রশাসন থেকে জমির কাগজপত্র, নাগরিক সনদ সংগ্রহসহ বিভিন্ন কাজ করতে পারবেন। ২২ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে এই সেবাকেন্দ্রের কার্যক্রম চলছিল। এবার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। সেবাকেন্দ্র সমৃদ্ধ করতে আরও তথ্য সংযোজনের কাজ চলছে। —পাবনা অফিস