
বাসের জন্য অপেক্ষমাণ ব্যক্তি
প্রায় প্রত্যেকের মনেই একটা চিন্তা থাকে এ সময়। ছল করে হোক আর বল দিয়ে হোক, বাসে তাঁকে উঠতেই হবে। এ জন্য ঠিক কতজনের ঠ্যালা-গুঁতা খেতে হবে কিংবা নিজেকেও কী পরিমাণ বাহুবল প্রয়োগ করতে হবে, সেই অঙ্কও কষেন সবাই। এ সময় কাউকে স্থির অবস্থায় দেখতে পাওয়া পৃথিবীর অষ্টম আশ্চর্য হিসেবে বিবেচনাযোগ্য। বাসের জন্য অপেক্ষমাণ প্রত্যেককেই দেখা যায় সাধ্য অনুযায়ী ডানে-বাঁয়ে, সামনে-পেছনে, উত্তরে-দক্ষিণে পায়চারিরত। নিয়মিত বিরতিতে হাতঘড়ি কিংবা মোবাইল ফোনের ঘড়ি দেখে চোখে-মুখে যাবতীয় বিরক্তির অভিব্যক্তি এনে ‘ধুরো’, ‘ধ্যাত্তেরি’, ‘আজকে সব বাস কই গেল’-জাতীয় শব্দ উচ্চারণ অতি সাধারণ ঘটনা! বাস এলে তাঁকে যে কোলে করে উঠিয়ে নেবে না, এটা সবারই জানা। চলন্ত বাসের সঙ্গে সঙ্গে কিছুটা পথ পড়িমরি করে ছুটে তারপরই ওঠার চেষ্টা করতে হবে। ফলে দৌড়ের আগাম প্রস্তুতিও নিয়ে থাকেন সবাই! প্রত্যেকেই ভাবেন যে তাঁর মতো গুরুত্বপূর্ণ কাজ আর কারও থাকতেই পারে না! এ জন্য সবার আগে তাঁকে উঠতেই হবে। অন্যদের অত তাড়া কিসের! তাঁদের একটু পরে গেলেও চলবে!

বাসে দাঁড়িয়ে থাকা যাত্রী
এই কিছুক্ষণ আগেও তাঁর একমাত্র আশা-আকাঙ্ক্ষা ছিল যেকোনোভাবে বাসে ওঠা! কিন্তু এখন তাঁর চাওয়া-পাওয়া একটুখানি বসার জায়গা! সিটের গদি না থাকুক, হেলান দেওয়ার মতো কিছু না থাকুক কিংবা সেটা আদতে সিটের ‘ধ্বংসাবশেষ’ও হতে পারে। সামনে হোক, পেছনে হোক অথবা ইঞ্জিনের ওপরই হোক, একটা সিট তাঁর চাই-ই চাই! এ জন্য আশপাশে সদা সতর্ক দৃষ্টি নিবদ্ধ রাখেন তিনি! সিটে বসা কাউকে একটু নড়াচড়া করতে দেখলেই তিনিও নড়েচড়ে ওঠেন! তাঁর আশান্বিত মনে শিহরণ জেগে ওঠে! এখন তাঁর একটাই দফা, একটাই দাবি—একটা খালি সিট!

পেছনের সিটে বসা যাত্রী
ইনি মনে মনে কপালের চৌদ্দগুষ্টি উদ্ধার করেন। দুনিয়ার সব মানুষ সামনের দিকে সিট পেয়েছে আর তিনি ক্যাবলার মতো পেছনে বসে আছেন। কোনো মানে হয়! কিছুক্ষণ পরপরই তাঁকে পাশের যাত্রীকে বলতে শোনা যায়, ‘ভাই, ক্যামনে বসছেন, একটু চাপেন তো, ঠিকমতো বসতে পারছি না।’ তিনি তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকেন, কখন সামনের দিকে একটা সিট ফাঁকা হবে। গাড়ি-বাড়ি নয়, এই মুহূর্তে তাঁর একটাই চাওয়া—সামনের দিকের একটা সিট!

জানালার পাশে বসতে না পারা যাত্রী
তাঁর ধারণা, এই মুহূর্তে জগতের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি তাঁর পাশে বসা লোকটি। কারণ, জানালার পাশে একটি সিট পেয়েছেন তিনি! স্বপ্ন দেখেন, কিছুক্ষণ পরই তাঁর পাশের যাত্রী নেমে যাবেন আর তিনি আরাম করে জানালার পাশে বসবেন! জানালা দিয়ে ফুরফুর করে বাতাস আসবে, সেই বাতাসে চুল উড়িয়ে, গা জুড়িয়ে বাইরের দিকে তাকিয়ে তিনি যথেষ্ট উদাস হবেন!

সব সময়ের রোমিও যাত্রী
সাধারণত এ শ্রেণির যাত্রীদের যাবতীয় মনোযোগ থাকে বাসের একেবারে সামনের দিকে। বাসচালকের বাঁ দিকের সিটগুলোর প্রতি! খানিকক্ষণ পরপরই তাঁদের বেয়াড়া দৃষ্টি সেদিকে চলে যায়। আর একবার সেখান থেকে কাকতালীয়ভাবে নিজের বয়সী কাউকে তাঁর দিকে চোখ পড়তে দেখলেই এঁরা ভেবে নেন যে ঘটনা ঘটে গেছে! একই সময় সামনের দিক থেকে উনি ভাবেন, ‘চড়ায়া ব্যাটার দাঁত ফেলে দেওয়া দরকার! কেমন বেহায়ার মতো বারবার এদিকে তাকাচ্ছে!’