পার্কে আসছে অ্যাংরি বার্ড
মুঠোফোন এবং সামাজিক যোগাযোগের সাইটের জনপ্রিয় গেমস অ্যাংরি বার্ড এবার আসছে বাস্তবে। আগামী মাসে অ্যাংরি বার্ড থিম পার্ক হবে ফিনল্যান্ডের সার্ককান্নিয়ামি নামক পার্কে। সম্প্রতি ফিনল্যান্ডের অ্যাংরি বার্ড গেম-নির্মাতাপ্রতিষ্ঠান রোভিও এবং পার্ক তৈরিপ্রতিষ্ঠান ল্যাপেস্ট গ্রুপ মিলে অ্যাংরি বার্ড থিমের পার্ক তৈরির উদ্যোগ নিয়েছে। গেমের মতোই এ পার্কে থাকবে অ্যাংরি বার্ড খেলা ও অ্যাংরি বার্ডের অনুকরণে মজা করার সুযোগ। শুরুতে ফিনল্যান্ডে হলেও এরপর যুক্তরাজ্যসহ বিশ্বের অন্যান্য দেশেও তৈরি হবে এ পার্ক। রোভিওর প্রধান বিপণন কর্মকর্তা পিটার ভেস্টারবেকা বলেন, বিশ্বের বিভিন্ন দেশের শিশুরাই বর্তমানে কম্পিউটার গেম আর টিভি দেখার মধ্যেই আটকে থাকে। সে বিষয়টি মাথায় রেখে কম্পিউটারের একটি জনপ্রিয় গেমের আদলে পার্কটি তৈরি হবে, যাতে বাস্তবে এসব গেম খেলার সুযোগ পায় শিশুরা।বিশেষ এ থিম পার্কে থাকবে ‘ম্যাজিক প্লেস’ জোন যেখানে থাকবে আলাদা পুরস্কার, বিশেষ বৈশিষ্ট্যের আলাদা পর্বের খেলা ইত্যাদি। এর আগে চীনে একই থিমের অনুমোদনহীন অ্যাংরি বার্ড থিম থাকলেও রোভিওর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে নিজস্ব পার্ক স্থাপনের এটিই প্রথম। মূলত অ্যাংরি বার্ড গেমটিতে ডিমচোরা শূকরছানার সঙ্গে লড়তে হয়। এ গেমটিকেই বাস্তবে বিশেষ থিম পার্কে পাওয়া যাবে। অ্যাপলের জনপ্রিয় আইফোনে ২০০৯ সালে প্রথম গেমটি ছাড়া হয়। পরবর্তী সময়ে অ্যাপলের অপারেটিং সিস্টেম ছাড়াও গেমটি অ্যান্ড্রয়েড, সিমবিয়ান ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনে খেলা যায়। যাত্রা শুরুর পর থেকে গেমটি ৭০ কোটি বার নামানো হয়েছে। এ ছাড়া এক জরিপে দেখা গেছে, ৩০ কোটি মিনিটে গেমটি খেলেন প্রায় তিন কোটি ব্যবহারকারী! রোভিওর নতুন এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন। তাদের মতে, এ পার্কের ফলে শিশুরা বাস্তবে খেলতে পারবে, যা তাদের ভবিষ্যতের জন্য অনেক ভালো। —দি টেলিগ্রাফ অবলম্বনে কাজী আশফাক আলম