পালিত হলো বাংলা ব্লগ দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল ১৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো পালন করা হলো বাংলা ব্লগ দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট সামহোয়্যার ইন ব্লগ এই দিনটি পালন করে। বিকেলে ঢাকার গুলশানে সামহোয়্যার ইনের কার্যালয়ে একটি সমাবেশের আয়োজন করা হয়। এতে নানা বয়সী ব্লগ লেখকেরা অংশ নেন। অনুষ্ঠানের অতিথি শিক্ষাবিদ আনিসুজ্জামান বলেন, ‘আপন মনের ভাব প্রকাশ করার জন্য খুবই জনপ্রিয় একটি মাধ্যম হিসেবে ব্লগ বাংলাদেশে যেভাবে ছড়িয়ে পড়ছে, তা অত্যন্ত ইতিবাচক এবং দিন দিন এটি বিস্তারের যে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, তা অত্যন্ত আনন্দদায়ক’। সামহোয়্যার ইন ব্লগের হেড অব অপারচুনেটিস আরিল্ড ক্লোক্কেরহৌগ বলেন, ‘পাঁচ বছর আগে সামহোয়্যারের যাত্রা শুরু হয়েছিল, দিন দিন এতে ব্লগারদের সংখ্যা বেড়েই চলছে। বাংলা ব্লগ দিবসে ব্লগারদের সঙ্গে সময় কাটাতে পেরে অত্যন্ত আনন্দ লাগছে।’ অনুষ্ঠানে উপস্থিত ব্লগাররা ব্লগের সঙ্গে যুক্ত হওয়ার ঘটনার পাশাপাশি ব্লগের অনেক মজার ঘটনার বর্ণনা করেন। মুক্তিযুদ্ধ বিষয়ে সামহোয়্যার ইন ব্লগ লেখা আহ্বান করেছিল কিছুদিন আগে। এই অনুষ্ঠানের মাধ্যমে সেখান থেকে ১০ জনকে সেরা লেখক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ও পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে এসে ব্লগার হাসান মাহমুদ বলেন, ‘ইন্টারনেটে লেখালেখির মাধ্যমে নিজের মতামত প্রকাশ শিল্প-সাহিত্য চর্চা তথা সামাজিক যোগাযোগ সৃষ্টির এক অনন্য মাধ্যম। এখানে আসতে পেরে বেশ ভালো লাগছে। সাধারণত ইন্টারনেটেই ব্লগারদের যোগাযোগ হয়। কিন্তু এই অনুষ্ঠানে ব্লগাররা নিজেদের পাশাপাশি পেয়ে যেন গল্পগুজবে মেতে ওঠেন। —মোছাব্বের হোসেন