পালিয়ে বিয়ের প্রস্তুতি

আবিদ ভীষণ ব্যস্ত। পালিয়ে বিয়ে করার আয়োজন করা তো চাট্টিখানি কথা নয়। ডিজিটাল যুগের পালিয়ে বিয়ে তো আগের মতো নয়। পালিয়ে বিয়ে করবে, তাই বলে কনে পারলার থেকে বিয়ের সাজ সাজবে না, বিয়ের শাড়ি-গয়না পরবে না, ওয়েডিং ফটোগ্রাফার ছবি তুলবে না, সেটা তো হয় না! তা ছাড়া ফেসবুক যদি বন্ধ থাকত, সেটা না হয় হতো, কিন্তু এখন তো খোলা, তাই সে আয়োজনও করতে হচ্ছে। সমস্যা হচ্ছে, পালিয়ে গিয়ে বিয়ে তো আর ঢাকায় হবে না। তাই সেখানে নেই ভালো পারলার, নেই ফটোগ্রাফার। সেগুলো জোগাড় করে নিয়ে যেতে হবে মূল লোকেশনে। তা ছাড়া তারা একই সঙ্গে সাক্ষীর কাজও করবে। লোকেশন ঠিক করাও তো একটা বিরাট ব্যাপার।
কনে নীলা অবশ্য জানিয়েছে, তার পছন্দ সমুদ্র। তাই লোকেশন হিসেবে কক্সবাজারই সই। পাত্র-পাত্রী যে উপায়ে পালিয়ে যাবে, সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। পাত্রী জানিয়েছে, বাসে তার অ্যালার্জি। ট্রেন হলেই ভালো। আবিদ নিজে টানা তিন দিন সকাল-সন্ধ্যা পূর্ণকালীন অনুসন্ধান করে ঢাকা-চট্টগ্রামের দুটি ট্রেনের টিকিট দ্বিগুণ মূল্যে এক দালালের কাছ থেকে জোগাড় করেছে। পালানোর পর যেকোনো পরিস্থিতিতে পাত্র-পাত্রীর সিম পরিবর্তন করে গা ঢাকা দিতে হতে পারে, তাই আগে থেকে নতুন সিম কিনে রাখতে হবে। এ ছাড়া জরুরি মুহূর্তে বন্ধুমহল থেকে ক্ষুদ্রঋণ গ্রহণ করতে হতে পারে। সে জন্য মোবাইল ফোনে ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাখতে হবে। এ ছাড়া সর্বদা মোবাইল ফোন সচল রাখতে হবে। সে জন্য কমপক্ষে দুটি পাওয়ার ব্যাংক পুরো চার্জ দিয়ে রাখাও জরুরি।
এদিকে কনের বাবা হঠাৎ করে মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছে শুনলে হার্ট অ্যাটাক করতে পারেন! সে জন্য কনের ইচ্ছা, পালানোর পর বিয়ের পুরো প্রক্রিয়া মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে ধাপে ধাপে দেখানো হবে। কিন্তু সে সময় মোবাইল ফোনে সাউন্ড মিউট থাকবে, যাতে অন্য পাশ থেকে কোনো রকম বাধাবিপত্তি না আসে! বিয়ের সব ধাপ সুন্দর করে ভিডিও করার জন্য এর মধ্যেই উত্তরার নাটকপাড়া থেকে আউটডোর শুটিংয়ের কথা বলে একজন চিত্রগ্রাহক ঠিক করা হয়েছে। এ ছাড়া বিয়ের পর কনের বাবা নানা রকম পুলিশি ঝামেলা করতে পারেন, সে জন্য সতর্কতাস্বরূপ আগে থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কয়েকজন পুলিশ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে রাখা হয়েছে। পরিস্থিতি একটু ঘোলাটে মনে হওয়ার সঙ্গে সঙ্গে থানায় গিয়ে যাতে সাধারণ ডায়েরি করা যায়, তা-ও লিখে রাখা হয়েছে।
কাজি আর থাকার ব্যবস্থাও ঠিকঠাক। পালিয়ে থাকার সময়কাল দীর্ঘ হলে সে ক্ষেত্রে সাময়িক অর্থনৈতিক টানাপোড়েনে পড়ে গেলে পাত্র-পাত্রী তাদের কোন কোন বন্ধুর বাড়িতে কত দিন থাকতে পারবে, তারও আয়োজন সম্পন্ন। বিয়ের পর বাবা-মায়ের মেনে না নেওয়ার ঐতিহাসিক অনড় অবস্থান থেকে সরাতে কী কী উপায়ে ইমোশনাল আক্রমণ করা যেতে পারে, সেটা চিন্তা করার জন্য একটা বিজ্ঞাপনী সংস্থার কপিরাইটারকে দায়িত্ব দেওয়া আছে।
প্রস্তুতি মোটামুটি শেষ! ‘ইসকেপ ইভেন্ট ম্যানেজমেন্টের’ প্রথম ক্লায়েন্ট হিসেবে নীলা আর মতিনের পালিয়ে বিয়ের ইভেন্টটা খুব সফলভাবে আয়োজন করতে চায় আবিদ! বিয়ের মৌসুম চলছে, ব্যবসাটা দাঁড় করাতে হবে তো!