পাসওয়ার্ড নিয়ে যুদ্ধ
পাসওয়ার্ডের বাধা পেরিয়ে হ্যাকাররা কম্পিউটার থেকে হর-হামেশায় হাতিয়ে নিচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। গবেষকেরা মরিয়া হয়ে পাসওয়ার্ড পদ্ধতি পরিবর্তনের পেছনে ছুটছেন। থেমে নেই হ্যাকাররাও। গবেষকদের নতুন পাসওয়ার্ড পদ্ধতি উদ্ভাবনের পরও হ্যাকাররা এ পদ্ধতি ভেঙে ফেলার পথ পেয়ে যাচ্ছে। কিন্তু এর মূল্য দিতে হচ্ছে সাধারণ কম্পিউটার ব্যবহারকারীদের। নতুন কম্পিউটার পাসওয়ার্ড ব্যবস্থার সঙ্গে তাঁরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। লন্ডনের বিখ্যাত ইকোনমিস্ট পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে প্রশ্ন তোলা হয়েছে, কম্পিউটার পাসওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ? কম্পিউটারের নিরাপত্তার সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা এ প্রশ্নের উত্তরে বলেন, তথ্য যাতে নিরাপদ থাকে সে জন্য অবশ্যই এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ। তবে এ ক্ষেত্রে কম্পিউটারের পাসওয়ার্ড অবশ্যই সহজে মনে রাখার উপযোগী ও নিরাপদ হতে হবে। কিন্তু দেখা গেছে, অধিকাংশ কম্পিউটার ব্যবহারকারী পাসওয়ার্ড সহজেই মনে রাখার পদ্ধতিটিই বেছে নেন, নিরাপত্তার বিষয়টি তাঁরা পরে ভাবেন। বর্তমানে গবেষকেরা পাসওয়ার্ড সহজে মনে রাখার ও নিরাপদ করার বিষয়ে কাজ করছেন। ইকোনমিস্ট বলছে, কম্পিউটারের নিরাপত্তার ক্ষেত্রে জটিল পাসওয়ার্ডের বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ। কারণ, সহজ পাসওয়ার্ড ব্যবহার করা হলে সহজেই হ্যাকাররা তথ্য হাতিয়ে নিতে পারে। প্রশ্ন উঠতে পারে, ব্যবহারকারীর জন্য অতি সহজ কিন্তু হ্যাকারের অনুমান করার জন্য অসম্ভব জটিল পাসওয়ার্ড কী হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, একটা ভালো পাসওয়ার্ডের বৈশিষ্ট্যই হচ্ছে তা ব্যবহারকারীর জন্য যেমন সহজ হবে তেমনি তা অন্যের কাছে হবে দুর্ভেদ্য। এ রকম পাসওয়ার্ডের অনেকগুলো পদ্ধতি রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে কোনো একটি শব্দ ব্যবহারের বদলে একাধিক শব্দের বাক্যাংশ ব্যবহার, পরপর কতগুলো শব্দ বেছে নেওয়া। যেমন—‘স্পিক, ফ্রেন্ড, অ্যান্ড এন্টার’, শব্দের সংক্ষিপ্ত রূপ হিসেবে প্রথম অক্ষরগুলোকে পরপর সাজানো এবং অক্ষর, প্রতীক ও সংখ্যার সমন্বয়ে জটিল পাসওয়ার্ড তৈরি করা। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, গবেষকেরা জটিল পাসওয়ার্ড ব্যবস্থা তৈরি করতে নানা পরীক্ষা-নিরীক্ষা করছেন। গবেষকেরা চলতি বছরও সবচেয়ে ঝুঁকিপূর্ণ পাসওয়ার্ডের একটি তালিকা তৈরি করেছেন। এ তালিকায় ‘১২৩৪৫৬’ ও ‘১২৩৪৫’ ক্রম ছাড়াও ‘পাসওয়ার্ড’ শব্দটি রয়েছে। গবেষকেরা জানিয়েছেন, কম্পিউটার ব্যবহারকারী স্বভাবতই কম্পিউটার পাসওয়ার্ড সহজে মনে রাখার জন্য তাঁর প্রিয়জন বা প্রিয় বস্তুর নাম বা সংখ্যা বেছে নেন। সম্প্রতি হ্যাকাররা গেম-বিষয়ক ওয়েবসাইট ‘রকইউ’ হ্যাক করেছিল। সেখান থেকে তিন কোটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড হাতিয়ে নিয়েছে। দেখা গেছে, এ সাইটটির প্রায় ৩০ লাখেরও বেশি ব্যবহারকারী ‘১২৩৪৫৬’ বা ‘১২৩৪৫’ ক্রমটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেছিলেন। কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞরা এ ধরনের সহজ ও ঝুঁকিপূর্ণ পাসওয়ার্ড এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।পত্রিকাটি লিখেছে, অনলাইন সার্ভিস ইয়াহু, নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা পাসওয়ার্ড ব্যবহারের নিরাপত্তা বিষয়ে গবেষণা চালিয়েছেন। এ গবেষণার ফল চলতি বছরের মে মাসে ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক সভায় জানানো হবে। গবেষক দলের নেতৃত্বে কাজ করছেন কেমব্রিজ ইউনিভার্সিটির জোসেফ বোনিউ। জোসেফ বোনিউ সাত কোটি পাসওয়ার্ডের নমুনা পরীক্ষা করে দেখেছেন, নতুন ব্যবহারকারীর তুলনায় পুরাতন ব্যবহারকারীরা বেশি পাসওয়ার্ড সচেতন। জটিল পাসওয়ার্ড ব্যবহারে কোরিয়া ও জার্মানি এগিয়ে। সবচেয়ে সহজ পাসওয়ার্ড ব্যবহূত হয় ইন্দোনেশিয়ায়। স্পর্শকাতর তথ্যের নিরাপত্তা দিতে যতটা জটিল পাসওয়ার্ড ব্যবহার করা হয়, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট বা গেম সাইটের অ্যাকাউন্টে ততটা জটিল পাসওয়ার্ড ব্যবহার করা হয় না বলেই গবেষকেরা জানিয়েছেন। একবার হ্যাকিংয়ের শিকার হলেও পরে একই ভুল করেন ব্যবহারকারী এবং আবারও হ্যাক হওয়ার ঝুঁকিতে থাকে তাঁর অ্যাকাউন্ট। হ্যাকাররা এই সুযোগ বুঝে বারবার বিভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। গবেষকেরা ধারণা করেন, হ্যাকারদের অনুমান করা প্রতি ১০টি পাসওয়ার্ডের ক্ষেত্রে এক শতাংশ মিলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একজন হ্যাকারের দৃষ্টিকোণ থেকে এটা তাই বিশাল সাফল্য। এ বিষয়টি নিয়ন্ত্রণে ওয়েবসাইটগুলো পাসওয়ার্ড অনুমান করার সুযোগ কমিয়ে দিতে পারে। এ উদ্যোগটা গুগল, মাইক্রোসফট নিতে পারে। ২০১০ সালে গবেষকেরা ১৫০টি ওয়েবসাইটের পরীক্ষা করে ১২৬টির ক্ষেত্রেই অসংখ্যবার পাসওয়ার্ড অনুমান করার সুযোগ দেওয়ার বিষয়টির খোঁজ পেয়েছিলেন। প্রচলিত পাসওয়ার্ড পদ্ধতি ব্যবহারের পরিবর্তে নতুন পাসওয়ার্ড ব্যবস্থা তৈরি করতে গেলে নতুন করে প্রোগ্রামিং করতে হয় যা অনেক ওয়েবসাইট করতে চায় না। তারা চলনসই একটা পাসওয়ার্ড ব্যবস্থা শুরুতেই চালু করে পরে এ বিষয়টি আর আমলে নেয় না। ওয়েবসাইটে সরল পাসওয়ার্ড ব্যবহার বিষয়ে তাই সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকেরা। গবেষক বোনিউ অনলাইন রিটেইলার জায়ান্ট হিসেবে পরিচিতি পাওয়া অ্যামাজন সার্ভিসের পাসওয়ার্ড ব্যবস্থা পরীক্ষা করে দেখেছেন। ২০০৯ সালের অক্টোবর থেকে ২০১২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবহূত পাসওয়ার্ড পরীক্ষা করে বোনিউ দেখেছেন, প্রচলিত পাসওয়ার্ডের পরিবর্তে ‘পাসফ্রেজ’ নামের বাক্যের অংশ ব্যবহার করে দেওয়া পাসওয়ার্ডও নিরাপদ নয়। বোনিউয়ের মতে, কয়েকটি শব্দ পাশাপাশি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করার পদ্ধতিটি প্রচলিত পাসওয়ার্ড পদ্ধতির তুলনায় কিছুটা নিরাপদ হলেও তা মনে রাখা কঠিন। ইকোনমিস্ট বলছে, পাসওয়ার্ডের নিরাপত্তা সমস্যার আশু কোনো সমাধান গবেষকদের কাছে নেই। কম্পিউটার পাসওয়ার্ডের জন্য যত নিরাপদ ব্যবস্থায় গড়ে তোলা হচ্ছে হ্যাকাররা এখন তার চেয়ে দ্রুত তা ভেঙে ফেলার চেষ্টা করছে। তাই গবেষকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দুশ্চিন্তা বাড়ছে। গবেষকেরা বলছেন, সহজ ও নিরাপদ পাসওয়ার্ড খুব সাধারণ একটি চাওয়া। কিন্তু এ সাধারণ চাওয়া পূরণ করার সামর্থ্য বা আশার কথা শোনানোর মতো কিছুই এখন তাঁদের কাছে নেই।