কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে৷ এবার গড় পাসের হার ৮১.৯৭ শতাংশ৷ গতবার ছিল ৮১.১৩ শতাংশ৷ এবার জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৯৫০ জন৷ গতবারের চেয়ে এই সংখ্যা বেড়েছে এক হাজার ৭৭৮ জন৷ গতবার জিপিএ-৫ পেয়েছিল চার হাজার ১৭২ জন৷
এসএসসি ও দাখিলের পাশাপাশি গতকাল শনিবার কারিগরি বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলও প্রকাশ করা হয়৷ দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ৷
এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় এবার এক লাখ দুই হাজার ৪২৩ পরীক্ষার্থী অংশ নেয়৷ এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৩ হাজার ৯৫৪ জন৷
কারিগরি বোর্ডের চেয়ারম্যান আবুল কাশেম প্রথম আলোকে বলেন, দিনেই দিনেই কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা ভালো করছে৷ তবে এই শিক্ষায় আরও জোর দেওয়া উচিত বলে মনে করেন তিনি৷