যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও পাসের হার কমেছে৷ সেই সঙ্গে কমেছে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা৷
এ বছর পাসের হার ৯২ দশমিক ১৯ শতাংশ৷ জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯৪৪ জন শিক্ষার্থী৷ গত বছর পাসের হার ছিল ৯২ দশমিক ৬২ শতাংশ৷ জিপিএ-৫ পেয়েছিল নয় হাজার ৮৬ জন৷ বোর্ডের অধীনে খুলনার ১০ জেলার দুই হাজার ৪৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৩৮৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে৷ গত বছর এ সংখ্যা ছিল ৪৯৬টি৷
এ ব্যাপারে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবু দাউদ বলেন, গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১১১টি কমে গেছে৷ এ কারণে মোট পাসের হারও কিছুটা কমেছে৷
যশোর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুল (এমসিএসকে) ৯১ পয়েন্ট পেয়ে যৌথভাবে প্রথম হয়েছে৷ সেরা ২০-এর তালিকায় খুলনার নয়টি, যশোরের পাঁচটি, কুষ্টিয়া ও মেহেরপুরের দুটি করে এবং সাতক্ষীরা ও বাগেরহাটের একটি করে শিক্ষাপ্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে৷
সেরা তালিকা থেকে তিন জেলা সটকে পড়ার কারণ জানতে চাইলে যশোর শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মেধা তালিকায় থাকার জন্য প্রতিযোগিতা বেড়েছে৷ নতুন নতুন প্রতিষ্ঠান তালিকায় জায়গা করে নিচ্ছে৷ এ কারণে পুরোনো প্রতিষ্ঠানগুলো হয়তো পিছিয়ে পড়ছে৷’