চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) পাসের হারের দিক দিয়ে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বোর্ড। একই সঙ্গে বেড়েছে পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। এ বছর পাসের হার ৯১ দশমিক ৪০। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮৮৪ জন। আর বোর্ডের সেরা ২০ বিদ্যালয়ের তালিকায় শীর্ষে রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল।
এ বছর সর্বমোট ৯১ হাজার ৮৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৩ হাজার ৯৪৬ জন।
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরের মুরাদপুর বোর্ড কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত। ফলাফল প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বোর্ড এ বছর ফলাফলে নতুন করে রেকর্ড গড়েছে। এটার যৌক্তিক কারণও আছে। গত বছরও বোর্ডের পাসের হার আগের বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেড়েছে। তা ছাড়া, পরীক্ষার্থীরা জেএসসি পরীক্ষার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করে এ পরীক্ষায় অবতীর্ণ হয়েছে বলে ভালো ফলাফল করেছে।
বোর্ড সূত্র জানায়, এ বছর চট্টগ্রামের ৯৬৩টি বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল মোট ৯২ হাজার ১২৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৯১ হাজার ৮৪৭ জন। এ বছর চট্টগ্রাম মহানগরে পাসের হার ৯৫ দশমিক ৬০, মহানগর বাদে চট্টগ্রাম জেলার পাসের হার ৯১ দশমিক ৭০ এবং মহানগরসহ চট্টগ্রাম জেলার পাসের হার ৯৩ দশমিক ২৮ শতাংশ।
পাসের হারে রেকর্ড: চট্টগ্রাম বোর্ডের গত পাঁচ বছরের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এ বছরে পাসের হার বিগত সময়ের প্রায় সব সূচককে ছাড়িয়ে গেছে। ২০০৯ সালে বোর্ডের পাসের হার ছিল ৬৯ দশমিক ৬১, ২০১০ সালে পাসের হার ছিল ৭২ দশমিক ৩১, ২০১১ সালে ৭৮ দশমিক ৩৬, ২০১২ সালে ৭৯ দশমিক ০১ ও ২০১৩ সালে ৮৮ দশমিক ০৪ শতাংশ।
বেড়েছে জিপিএ-৫: গত বছরের তুলনায় চট্টগ্রাম বোর্ডে এ বছর জিপিএ-৫ বেড়েছে৷ এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৮৮৪ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৩৯১ জন, মানবিক থেকে ১১৬ এবং ব্যবসায় শিক্ষা থেকে তিন হাজার ৩৭৭ জন৷ গত বছর জিপিএ-৫ পেয়েছিল সাত হাজার ৩৫৮ জন।
বেড়েছে শতভাগ পাসের হার: শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন বিদ্যালয়ের সংখ্যা চলতি বছরে বেড়েছে। এ বছর ৯১টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর এ সংখ্যা ছিল ৮৪টি।
এগিয়েছে কক্সবাজার ও পার্বত্য জেলা: গত বছরের তুলনায় এবার কক্সবাজার এবং দুই পার্বত্য জেলায় পাসের হার বেড়েছে উল্লেখযোগ্যভাবে। কক্সবাজার জেলায় পাসের হার ৯১ দশমিক ৩১। গত বছর যা ছিল ৮৭ দশমিক ৩১। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটি এ বছর পিছিয়ে গেছে। এবার সেখানে পাসের হার ৮০ দশমিক ১৫। অথচ গত বছর ছিল ৮২ দশমিক ২৩। অবশ্য অপর দুই জেলা এগিয়ে গেছে। এ বছর খাগড়াছড়ি জেলায় পাসের হার ৮৩ দশমিক ১৫, গত বছর ছিল ৭৫ দশমিক ১১। বান্দরবান জেলায় পাসের হার ৮৬ দশমিক ২৮। গত বছর পাসের হার ছিল ৭৯ দশমিক ৯২ শতাংশ।
সেরা বিশ: চট্টগ্রাম বোর্ডের সেরা ২০ বিদ্যালয়ের মধ্যে এ বছর শীর্ষ স্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুল। জানা গেছে, গত ১৩ বছরে ১২ বার প্রথম স্থান দখল করেছে বিদ্যালয়টি। বিদ্যালয়ের ৩৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৬৮ জন।
শীর্ষ বিশের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) বালিকা উচ্চবিদ্যালয় ও ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। চতুর্থ স্থানে রয়েছে সরকারি মুসলিম হাইস্কুল, পঞ্চম স্থানে সিলভার বেলস বালিকা উচ্চবিদ্যালয়, ষষ্ঠ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল, সপ্তম চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, অষ্টম ফৌজদারহাট ক্যাডেট কলেজ, নবম নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয় এবং দশম স্থানে রয়েছে চট্টগ্রাম পাবলিক স্কুল ও কলেজ।
এ ছাড়া, একাদশ থেকে ২০তম স্থানে থাকা বিদ্যালয়গুলো হচ্ছে যথাক্রমে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, মির্জা আহমেদ ইস্পাহানী হাইস্কুল, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সেন্ট প্লাসিড উচ্চবিদ্যালয়, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সেন্ট স্কলাস্টিকা বালিকা উচ্চবিদ্যালয়, পাহাড়তলী শহীদ লে. জি এম মুশফিক বীর উত্তম উচ্চবিদ্যালয়, কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয় এবং অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়।