পাসের হারে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) পাসের হারের দিক দিয়ে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বোর্ড। একই সঙ্গে বেড়েছে পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। এ বছর পাসের হার ৯১ দশমিক ৪০।
জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮৮৪ জন। আর বোর্ডের সেরা ২০ বিদ্যালয়ের তালিকায় শীর্ষে রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল।
এ বছর সর্বমোট ৯১ হাজার ৮৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৩ হাজার ৯৪৬ জন। অকৃতকার্য হয়েছে সাত হাজার ৯০১ জন।
আজ শনিবার সকালে চট্টগ্রাম নগরের মুরাদপুর বোর্ড কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত। এ ব্যাপারে প্রথম আলোকে তিনি বলেন, ‘চট্টগ্রাম বোর্ড এ বছর ফলাফলে নতুন করে রেকর্ড গড়েছে। এটার যৌক্তিক কারণও আছে। গত বছরও বোর্ডের পাসের হার আগের বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ হারে বেড়েছে। তা ছাড়া পরীক্ষার্থীরা জেএসসি পরীক্ষার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করে এ পরীক্ষায় অবতীর্ণ হয়েছে বলে ভালো ফলাফল করেছে। পাশাপাশি ছাত্রসংখ্যা বেড়ে যাওয়া এবং অভিভাবক, ছাত্র-শিক্ষক সবার মধ্যে সচেতনতাবোধ বেড়ে যাওয়ায় এ ধরনের ফলাফলের জন্য সহায়ক ছিল বলে মনে করি।’
শীর্ষ স্থান পাওয়া চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, ‘আমি এ ফলাফলে সুখী নই। কারণ, এটা একটা প্রাতিষ্ঠানিক অর্জন। আমার মতে, একজন ছাত্রের জন্য এ ধরনের মূল্যায়ন যথেষ্ট নয়। কেন প্রতিটি শিক্ষার্থী সত্যবাদী হবে না, নির্লোভ হবে না, মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল, ছোটদের প্রতি স্নেহপ্রবণ, মানবিক, সহনশীল হবে না, নিজস্ব শিল্প-সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল হবে না? যত দিন পর্যন্ত তাদের মধ্যে এসব গুণাবলির পরিপূর্ণ বিকাশের মাধ্যমে তাদের সত্যিকার মানুষ হিসেবে গড়ে তোলা যাবে না, তত দিন সন্তুষ্টির কোনো অবকাশ নেই।’

পাসের হারে রেকর্ড: চট্টগ্রাম বোর্ডের গত পাঁচ বছরের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এ বছরে পাসের হার বিগত সময়ের প্রায় সব সূচককে ছাড়িয়ে গেছে। ২০০৯ সালে বোর্ডের পাসের হার ছিল ৬৯ দশমিক ৬১ জন, ২০১০ সালে পাসের হার ছিল ৭২ দশমিক ৩১, ২০১১ সালে ৭৮ দশমিক ৩৬, ২০১২ সালে ৭৯ দশমিক শূন্য ১ এবং ২০১৩ সালে ৮৮ দশমিক শূন্য ৪ শতাংশ।

বেড়েছে জিপিএ-৫: গত বছরের তুলনায় চট্টগ্রাম বোর্ডে এ বছর জিপিএ-৫ বেড়েছে কয়েক গুণ। এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৮৮৪ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৩৯১ জন, মানবিক থেকে ১১৬ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে তিন হাজার ৩৭৭ জন জিপিএ-৫ পেয়েছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল সাত হাজার ৩৫৮ জন।