পাহাড় ও সমুদ্রে গণিতের বাদ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়বেষ্টিত খাগড়াছড়িতে দুই বছর পর আয়োজিত হচ্ছে গণিত উৎসব। সে জন্য সবাই বেশ উত্তেজিত ও আনন্দিত। সে আনন্দের রেশ দেখা গেল উৎসবস্থল থেকে দুই কিলোমিটার আগেই খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশাল এক তোরণ নির্মাণে। স্কুলে ঢুকেই বোঝা গেল গণিত উৎসবে সবাই কেমন উচ্ছ্বসিত, পুরো স্কুল সেজেছে উৎসবের আবহে। বড় অক্ষরে ‘স্বাগতম’ লিখে বেলুন দিয়ে সাজানো হয়েছে উৎসব ভেন্যুর গেট। গাছে ঝুলছে নানা বর্ণের বাহারি ছয়, সাত ও নয় সংখ্যা। দেয়ালে সাঁটানো হয়েছে পাই, যোগ-বিয়োগসহ বিভিন্ন গাণিতিক চিহ্ন। পরীক্ষার হলগুলোর নামকরণ করা হয়েছে বীরশ্রেষ্ঠদের নামে। উৎসবের মূল মঞ্চ সাজানো হয়েছিল গণিতের আদলে এবং পাহাড়ি সংস্কৃতি মাথায় রেখে। স্টেজের প্রতিটি খুঁটিতে ছিল গণিতের বিভিন্ন উক্তি ও দেশকে ভালোবাসার কথা। পরদিন সমুদ্রতীরের বাণিজ্য রাজধানী বন্দরনগর চট্টগ্রামের সেন্ট প্ল্যাসিডস হাইস্কুলে বসেছিল চট্টগ্রামের গণিত উৎসব। ভোর থেকে শীতের কুয়াশা উপেক্ষা করে শিক্ষার্থীরা হাজির হয় উৎসব ভেন্যুতে। উৎসবের আগেই সকাল আটটায় স্কুল প্রাঙ্গণ সম্পূর্ণ ভরে যায় চট্টগ্রামের ১২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ১৪৫ জন শিক্ষার্থীর পদচারণে। খাগড়াছড়ি উৎসবে ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৮৭৪ জন খুদে গণিতবিদ অংশ নেয়। সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় চট্টগ্রামের গণিত উৎসব।স্কুলের প্রধান শিক্ষক উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তারপর খুদে গণিতবিদেরা লাইন ধরে চলে যায় প্রত্যেকের নির্ধারিত হলে। সোয়া এক ঘণ্টা পরীক্ষা শেষে শুরু হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রশ্নোত্তর পর্ব। খাগড়াছড়িতে উৎসব হবে আর আদিবাসীদের সংস্কৃতির প্রকাশ থাকবে না, তা তো হতে পারে না। হ্যাঁ, ছিল ঐতিহ্যবাহী বোতলনৃত্য। মহালয়া ত্রিপুরা বোতলনৃত্য দেখিয়ে মুগ্ধ করে উপস্থিত হাজারো গণিতবিদকে। সাংস্কৃতিক পর্বে ছিল গণিত জয়ের গান, দেশের গান ও একাত্তরের চিঠির পাঠ। উৎসবের ফাঁকে ফাঁকে মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলে শিক্ষার্থীরা। অতিথিদের কাছে ছিল তাদের অনেক কিছু জানার। আয়নার সামনে দাঁড়িয়ে কেন বিপরীত চিত্র পাওয়া যায়? নিউট্রিনো কী? আলো বক্রপথে কেন যায়? এমন সব কঠিন প্রশ্নের সম্মুখীন হন অতিথিরা। খুদে গণিতবিদদের অনেক জটিল প্রশ্নের উত্তর দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক নীলরতন ভট্টাচার্য, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের খোরশেদ আলম ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর তামিম শাহরিয়ার। চট্টগ্রামের উৎসবের অন্যতম আকর্ষণ ছিলেন মুসা ইব্রাহীম। তাঁর উপস্থিতি উৎসবে নতুন মাত্রা যোগ করে। তাঁর কাছে খুদে গণিতবিদেরা শোনে তাঁর পাহাড়জয়ের গল্প। প্রশ্নোত্তর ও সাংস্কৃতিক আয়োজনের পর খুদে গণিতবিদেরা অংশ নেয় রুবিক কিউব প্রতিযোগিতায়।মোরশেদা আলম এসেছেন দুই ছেলেকে নিয়ে চট্টগ্রাম গণিত উৎসবে। তিনি থাকেন যুক্তরাষ্ট্রের বোস্টনে। পাঁচ বছরের জন্য এসেছেন বাংলাদেশে, ছেলেদের বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটাতে। ছেলেরা বাংলা ভালো বোঝে না। গণিতের প্রশ্নে ইংরেজি আছে, তাই ছেলেরা উৎসবে অংশ নিতে পারছে বলে জানান মোরশেদা আলম। ‘আমি আমেরিকায় গণিত উৎসবের কথা অনেক শুনেছি আর গণিতের প্রতি আমার আলাদা একটি ভালোবাসা আছে, তাই ছেলেদের এখানে আনা। ধন্যবাদ জানাই কমিটিকে, বাংলার পাশাপাশি ইংরেজিতে প্রশ্ন করার জন্য।’ আরও এক অভিভাবক হুমায়ুন কবির জানান, ‘এই উৎসব উৎসবের চেয়েও অনেক বেশি। কারণ, আমরা সারা বছর মুখিয়ে থাকি এই উৎসবের জন্য। এই উৎসব শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়।’ তিনি আরও বলেন, ‘শুধু শিক্ষার্থীরাই নয়, আমরা অনেক অভিভাবক আছি, যারা সারা বছর এই দিনটির জন্য অপেক্ষায় থাকি।’খাগড়াছড়ি উৎসবে ৬০ জন খুদে গণিতবিদ ও চট্টগ্রাম উৎসবের ৯০ জন খুদে গণিতবিদ ঢাকায় জাতীয় গণিত উৎসবে আসার টিকিট লাভ করে। চট্টগ্রামের কাফকো স্কুল থেকে আসা শিক্ষার্থীদের মনে আনন্দের রেশটা বেশ লক্ষ করা গেল। কারণ বেশ গভীর। এই স্কুলের পঞ্চম শ্রেণীর চারজন শিক্ষার্থী প্রাইমারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়। চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী স্কুলের নবম শ্রেণীর ছাত্র সাদি মোহাম্মদ রেদোয়ানের বিজয়ী নাম ঘোষণা করার পর উৎসব মঞ্চের দিকে দৌড়ে ছিল বিশ্বজয়ের আনন্দ। একই স্কুলের দশম শ্রেণীর মাশতুরা হক মিমের আনন্দ-চিৎকার সবাইকে কাঁপিয়ে দেয়। ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে চট্টগ্রাম কলেজের ধনঞ্জয় বিশ্বাস ব্রোঞ্জপদক লাভ করেছিল বলে এবার এ কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিশেষ উদ্দীপনা কাজ করে। তার নমুনা দেখা গেল হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে কলেজের শিক্ষার্থীদের বিজয়ী হওয়ায়। এই ক্যাটাগরিতে সাতজন শিক্ষার্থী বিজয়ী হয়। তারা ধনঞ্জয়ের মতো ভবিষ্যতে আর্জেন্টিনায় অনুষ্ঠেয় ৫৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে পদক অর্জন করার দৃপ্ত শপথের অঙ্গীকার করে।