পায়ে হেঁটে সারাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের এই দলটি পায়ে হেঁটে পুরো বাংলাদেশ ভ্রমণ করেছে
শিক্ষার্থীদের এই দলটি পায়ে হেঁটে পুরো বাংলাদেশ ভ্রমণ করেছে

সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় কিংবা সমুদ্র চ্যানেল পাড়ি দেওয়ার নতুন নতুন গল্প তো আমরা মাঝেমধ্যেই শুনি। কিন্তু পায়ে হেঁটে দেশের এমাথা থেকে ওমাথা ভ্রমণের কথা কমই শোনা হয়। এমনই এক ব্যতিক্রমী অভিযানে বেরিয়ে পড়েছিল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়-পড়ুয়া সাত শিক্ষার্থীর একটি দল। তারা গত ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পুরো এক মাস হেঁটে প্রদক্ষিণ করে তেঁতুলিয়া থেকে টেকনাফ।
সাত অভিযাত্রীর এ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ২৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
এই পদযাত্রী দলের সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম উদ্দিন, আনোয়ার হোসেন, আবদুল হালিম, সরকারি তিতুমীর কলেজের জিয়াউর রহমান, ঢাকা কলেজের রাজীব ঢালী, কবি নজরুল কলেজের আওলাদ হোসেন ও ঢাকা সিটি কলেজের রুহুল আমিন। তবে এই অভিযাত্রীরা কিন্তু নিছকই রেকর্ড সৃষ্টির লক্ষ্য পথে নামে নি। কী তাঁদের লক্ষ্য, সে কথাই জানাচ্ছিলেন দলনেতা জিয়াউর রহমান, ‘সুশিক্ষার মাধ্যমেই সুন্দর দেশ গড়া সম্ভব। সবার জন্য শিক্ষা ও শান্তি নিশ্চিত করার আহ্বান নিয়েই আমাদের এ ব্যতিক্রমধর্মী পদযাত্রার আয়োজন।’
পদযাত্রার কথা শোনাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনোয়ার হোসেন, ‘সকাল থেকে রাতভর আমরা অবিরাম হেঁটে চলতাম। আমরা প্রতিদিন প্রায় ৪০ কিলোমিটার করে পথ হাঁটতাম।’
অভিযাত্রী দলের অন্যতম সদস্য রাজীব ঢালী যোগ করেন, ‘এই যাত্রাপথে আমরা ১৮টি জেলা অতিক্রম করেছি। রাত কাটিয়েছি উপজেলা কিংবা জেলা বাংলোতে। এসব জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের প্রত্যয়নপত্র প্রদান করা হয়েছে।’
যাত্রাপথে তাঁরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছে তাঁদের উদ্দেশ্যের কথা তুলে ধরেন। বিভিন্ন হাট-বাজারে আয়োজন করেন ‘সবার জন্য শিক্ষা’ বিষয়ে সচেতনতামূলক পথসভার। কিন্তু এই যে দিনের পর দিন হেঁটে চলেছেন পথে, কোনো সমস্যা হয়নি? এ প্রশ্নে রুহুল আমিনের উত্তর, ‘আমরা যেহেতু হুট করেই এমন একটি কাজে নেমে পড়েছিলাম, সে জন্য সমস্যা তো কিছু ছিলই। এই দীর্ঘপথ হাঁটতে গিয়ে অনেকবার অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু আমাদের মনে নতুন কিছু করার যে উচ্ছ্বাস ছিল, তা-ই প্রতিনিয়ত সাহস জুগিয়েছে।’
এমনই উচ্ছ্বাস আর নতুন কিছু করার রাজ্যের সব গল্প উদ্যমী সাত তরুণের কথায়। স্বপ্নীল সেই দিনের কথা বলতে বলতে সবাই যেন হরিয়ে গেলেন কখানো পিচ ঢালা পথে, মেঠোপথে আবার কখানো মেঘ ছোঁয়া পাহাড়ে।
বিশেষজনদের কাছ থেকে অনুপ্রেরণা তাঁদের উদ্দেশ্যে অবিচল থাকতে সাহস যোগাবে বলে তাঁরা মন্তব্য করেন।
বিজয় পদযাত্রায় পৃষ্ঠপোষকতা করেছিল ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি ও ন্যাশনাল ইনিস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি নামে দুটি প্রতিষ্ঠান।