পিছিয়ে ছিল না কুমিল্লা ও নোয়াখালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাড়ির পাশেই গণিত উৎসবের ভেন্যু। ১৫-২০ মিনিটের পথ। কিন্তু সে অস্থির। তাই তাকে দ্রুত ভেন্যুতে নিয়ে আসতে হলো।’ এমনটাই জানালেন তাসনুভা তানভীনের বাবা গণিতের শিক্ষক মফিজুল ইসলাম। অন্যদিকে লাজুক প্রকৃতির নাদিমুল আবরারকে তার বাবা ও মা উৎসাহ দিতে ব্যস্ত। ফলাফল ঘোষণার পর দেখা গেল, তাসনুভা প্রাইমারি ও আবরার হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে। ১০ জানুয়ারি কুমিল্লার আঞ্চলিক গণিত উৎসবে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৩০ খুদে গণিতবিদ। উৎসবের পুরো সময়টুকু নবাব ফয়জুন্নেসা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল আয়োজন।পরদিন নোয়াখালী জিলা স্কুলে খালি গলায় উদ্বোধনের ঘোষণা দেন স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ভুইয়া। নোয়াখালী ছাড়াও ফেনী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত এলাকার ১০৮টি স্কুলের ৯৪৯ জন শিক্ষার্থী অংশ নেয় নোয়াখালীর উৎসবে। উদ্বোধনী পর্ব শেষে গণিত বিষয়ে নিজের অবস্থান যাচাইয়ের জন্য শিক্ষার্থীরা এক ঘণ্টা ১৫ মিনিটের শ্বাসরুদ্ধকর পরীক্ষায় অংশগ্রহণ করে। অন্যদিকে অভিভাবকদের কেউ কেউ চিন্তায় ব্যস্ত, আবার কেউ কেউ গণিতসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত। পরীক্ষা শেষে গণিতের গান দিয়ে শুরু হয় বন্ধুসভার বন্ধু ও শিক্ষার্থীদের জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক পর্ব। তারা একের পর এক গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করে সবার মনে আনন্দের পরশ বুলিয়ে দেয়। ছোট্ট বন্ধু নাসিফ কবির জামী, আবদুল হাই রচিত ‘খিদে’ কবিতাটি আবৃত্তি করে উপস্থিত সবার মন কেড়ে নেয়। দেশের গান দিয়ে শেষ হয় কুমিল্লার সাংস্কৃতিক পর্ব। নোয়াখালীতে বন্ধুসভার বন্ধুদের পাশাপাশি ফেনী ও লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রবীন্দ্রসংগীত, পল্লীগীতি, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। তবে শিক্ষার্থীরা অপেক্ষায় থাকে কখন শুরু হবে তাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করার পালা, প্রশ্নোত্তর পর্ব। গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান থেকে শুরু করে কেমন করে ভালো মানুষ হওয়া যায়—এসব প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষায় ছিল তারা একটি বছর। শূন্য দিয়ে শূন্যকে ভাগ করলে কী হয়, গণিত ও অঙ্কের মধ্যে পার্থক্য কী, শূন্য আগে এসেছে না এক আগে এসেছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উচ্চতা বৃদ্ধি পায় কেন, নিউট্রিনো কী—এমন নানা প্রশ্নে মুখরিত হয়ে ওঠে উৎসবস্থল। শিক্ষার্থীরা বুদ্ধিদীপ্ত প্রশ্ন করে পুরস্কার ছিনিয়ে নেয়। শিক্ষার্থীদের প্রশ্নের এক ফাঁকে গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক তার বিখ্যাত, ‘মনে করো তুমি একটি বাসের ড্রাইভার। বাস চলেছে ঢাকা থেকে...’ প্রশ্নে শিক্ষার্থীদের পরীক্ষা নেন। তবে, শেষ পর্যন্ত আরেক শিক্ষার্থী তার প্রশ্নের উত্তর দিতে সমর্থ হয় যদিও তার প্রশ্নের ঠিক আগে পুরো প্যান্ডেল কাঁপিয়ে সবাই চিৎকার করে ওঠে, ৩০! ৩০!! ৩০!!! এ পর্বে মঞ্চ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রবীণ গণিতবিদ খোদাদাদ খান, নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রুহুল সরকার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফারসীম মান্নান মহাম্মদী, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মসলেহ উদ্দিন আহম্মেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাম্মাদ আলী, প্রাণন লিমিটেডের প্রধান নির্বাহী নাহিদুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন। নোয়াখালী উৎসবে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মুলকুতর রহমান, শিক্ষক মোহাম্মদ আলী ও নোয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষক মো. সারোয়ার সাদেক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুদ হোসেন এবং নোয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আল-হেলাল মোশারফ। প্রশ্নোত্তর পর্বের একপর্যায়ে সঞ্চালকের এক প্রশ্নের উত্তরে সমস্বরে সবাই দেশকে ভালোবাসে বলে জানায়। মুনির হাসান তখন তাদের স্মরণ করিয়ে দেন, যারা দেশকে ভালোবাসে তারা কখনো দেশকে নোংরা করে না। তার কথায় সায় দিয়ে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর শিক্ষার্থীরা নোয়াখালী জিলা স্কুল প্রাঙ্গণ পরিষ্কার করে।এ পর্বের শেষে দুই রাউন্ডে রুবিক কিউব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুমিল্লায় দ্রুত এ সমস্যার সমাধান করে পুরস্কার জিতে নেয় প্রাঞ্জিব পাল ও আল আমিন। তবে নোয়াখালীতে সম্পূর্ণ সমাধানকারী কাউকে পাওয়া যায়নি। সমাপনী পর্বের শুরুতে শিক্ষার্থীরা দুই হাত উঁচিয়ে মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলে। সঙ্গে সঙ্গে অঙ্গীকার করে দেশকে মায়ের মতো ভালোবাসার, প্রতিদিন মাকে একবার খুশি করার আর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর। এ সময় নবাব ফয়জুন্নেসা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষকের হাতে ভেন্যু স্মারক তুলে দেওয়া হয়। প্রবীণ গণিতবিদ খোদাদাদ খান বলেন, ‘গণিত হলো বিজ্ঞানের ভাষা। যে জাতি বিজ্ঞানে ভালো, সে জাতি প্রযুক্তিতেও ভালো।’ পরে চার ক্যাটাগরিতে কুমিল্লার আঞ্চলিক উৎসব থেকে ৬০ জন খুদে গণিতবিদকে জাতীয় উৎসবে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। নোয়াখালী থেকে নির্বাচিত হয় ৫৩ জন শিক্ষার্থী। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সনদ। পরিয়ে দেওয়া হয় বিজয়ীর মেডেল ও বিজয়ী টি-শার্ট। তবে অন্যান্য উৎসবের মতো এ দুই উৎসবেও বিজয়ী হয় সব খুদে গণিতবিদ। বাড়িতে ফেরার সময় তারা সঙ্গে নিয়ে যায় এক মনোরম দিনের অভিজ্ঞতা ও স্মৃতি। সঙ্গে দৃঢ প্রত্যয়, ‘আমরা করব জয় একদিন।’