পিছিয়ে পড়া গ্রাম বলে কি কিছু আছে!
‘নেপোলিয়ন কোন যুদ্ধে পরাজিত হয়েছিলেন? বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রেসিডেন্ট কে ছিলেন—এমন সব ঐতিহাসিক প্রশ্নের উত্তর বের করতে মঞ্চে ১২ জন প্রতিযোগী মোবাইল ফোনের হ্যান্ডসেটের দিকে মুখ গুঁজে পড়ে আছে, আর তাদের সামনে শত শত দর্শক যেন উত্তেজনায় কাঁপছে। উত্তরটা অনেকেই জানেন কিন্তু তাদের বলে দেওয়া যাচ্ছে না। আবার বলে দিলেও কোনো কাজ হবে না। তাদের হ্যান্ডসেটে ব্রাউজিং করে দেখাতে হবে। টান টান উত্তেজনার মধ্য দিয়ে রাজশাহীর বাঘা উৎসবে যে আই-জিনিয়াস নির্বাচিত হলো, তার বাড়ি বাঘা উপজেলার সদর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে নিভৃত একটি গ্রামে। যে গ্রামের মানুষ ইন্টারনেট আবিষ্কারের খবরটি হয়তো জেনেছে অনেক পরে। খোঁজ নিয়ে জানা গেল, বাঘা আই-জিনিয়াস মীর রাসেল হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা একটি ছেলে। তার বাবা হাটে-বাজারে-রেলস্টেশনে ফেরি করে মৌসুমি ফল বিক্রি করে সংসার ও ছেলের পড়ালেখার খরচ চালান। ইন্টারনেট উৎসব এই রাসেলের চোখ-মুখে ছড়িয়ে দিয়েছে একজন কম্পিউটার বিজ্ঞানী হওয়ার স্বপ্ন। অনুষ্ঠানের শুরুতেই একজন বক্তা বলেছিলেন, আজ আর কোনো গ্রামকে পিছিয়ে পড়া বলা যাবে না। যে গ্রামের যাওয়ার এখনো ভালো কোনো রাস্তাঘাট নেই, সেই গ্রামে বসেই যে কেউ ঢাকা শহরের একজন মানুষের সঙ্গে পাল্লা দিয়ে ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে পারবে। তার সঙ্গেও পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে একইভাবে যোগাযোগ করা যাবে। মীর রাসেল বাঘা আই-জিনিয়াস হওয়ার মাধ্যমে এ কথাটিই প্রমাণিত হয়েছে। সুতরাং আর কোনো গ্রামকেই পিছিয়ে পড়া বলা যাবে না। তারুণ্যের উৎসব নাড়া দিয়েছে সবাইকে শিক্ষার্থীদের উদ্দেশে একেকটি প্রশ্ন ছুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তেজনায় কাঁপছিলেন বাঘা উপজেলার দাদপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক মজিবুর রহমান। প্রশ্নের উত্তর তাঁর জানা আছে কিন্তু তরুণ শিক্ষার্থীদের অনুষ্ঠান বলে তাঁর উত্তরটি নেওয়া হচ্ছে না। আবার যে উত্তরটি জানা নেই, ব্রাউজিং করে মুহূর্তের মধ্যে সেটি বের করার ব্যবস্থা রয়েছে। অজানাকে জানার এমন অনুষ্ঠান আর হয় না। মজিবুর রহমান বারবার আয়োজকদের কাছে ছুটে যাচ্ছিলেন। তাঁদের কি কোনোভাবেই এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করা যায় না? শুধু মজিবুর রহমান নন, অনুষ্ঠানে আগত বয়স্ক অনেকেই জানা প্রশ্নের উত্তর নিয়ে ছটফট করছিলেন। আক্ষেপ করছিলেন, তাঁদেরও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ থাকত!শাহদৌলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত বসেছিলেন। ইন্টারনেট নিয়ে তাঁর ভীষণ আগ্রহ। কিছুক্ষণ বাদেই তাঁর কলেজে ডিগ্রি পরীক্ষা শুরু হবে কিন্তু তিনি কিছুতেই উঠতে পারছিলেন না।জোতরাঘব কারিগরি কলেজের শিক্ষক পারুল রানী ঘোষ তাঁর প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানে এসেছিলেন। ভীষণ আগ্রহ নিয়ে তিনি সারাক্ষণ সামনের সারিতে বসেছিলেন। উৎসব নিয়ে তাঁর আগ্রহের কারণে আয়োজকেরা তাঁর হাত দিয়ে গেমস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পারুল রানী বলেন, উৎসবের প্রতিযোগীরা শিক্ষার্থী হলেও সারাক্ষণ মনে হয়েছে তাঁরা নিজেরাই যেন এই প্রতিযোগিতায় লড়ছেন। প্রশ্নের পর উত্তেজনায় কাঁপছেন। উৎসবে মেলার আমেজশুরু থেকে শেষ পর্যন্ত বাঘায় ইন্টারনেট উৎসবে যেন মেলার আমেজ পাওয়া যাচ্ছিল। মূল প্যান্ডেলের পাশেই গ্রামীণফোন ও প্রথম আলোর আটটি স্টল ছিল। সেগুলোতেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লেগে ছিল। শুধু দেখাশোনা নয়, রীতিমতো তাঁরা কেনাকাটায় ব্যস্ত ছিলেন। গ্রামীণফোনের বিভিন্ন অফার সম্পর্কে তাঁরা জানছিলেন। একইভাবে বিক্রি হয়েছে প্রথম আলোর চাবির রিং।বাঘা উচ্চবিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম একাই কিনেছেন পাঁচটি চাবির রিং। জানতে চাইলে তিনি বলেন, তিনি নিজে ব্যবহার করবেন আর বন্ধুবান্ধবদের উপহার দেবেন, এ জন্যই বেশি করে কিনেছেন।দুই সেকেন্ডের ব্যবধানে আই-জিনিয়াসঅল্পের জন্য আই-জিনিয়াস হওয়ার সুযোগ হাতছাড়া করে ফেলেছে দিঘা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থী রিপন মাহমুদ। তার আক্ষেপের শেষ নেই। চূড়ান্ত পর্বের প্রশ্ন ছিল ইতিহাসের জনক কে। ব্রাউজিং করে রিপন উত্তর পেয়ে গেছে, কিন্তু তার মাত্র দুই সেকেন্ড আগে মীর রাসেল হাত তুলে ফেলেছে। ফলে রিপনের আই-জিনিয়াস হওয়ার স্বপ্ন ছিনিয়ে নেয় রাসেল। রিপন বলল, আর একবার যদি এ রকম লড়াইয়ের সুযোগ পাই, তাহলে নিশ্চিত আই-জিনিয়াস হব।