পিটার কার্লের স্মরণে গুগল ডুডল
রাশিয়ার বিখ্যাত গহনার কারিগর পিটার কার্ল ফাবার্গের ১৬৬তম জন্মদিন স্মরণ করছে গুগল। এ উপলক্ষে তাঁদের হোমপেজে শোভা পাচ্ছে ‘ইস্টার এগ’সদৃশ রঙিন ডুডল। এ ডুডলটির মাধ্যমে স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতুর নকশায় গুগল লেখাটি ফুটিয়ে তোলা হয়েছে। এটি ‘ফাবার্গ এগ’ বা ‘ফাবার্গ ইস্টার এগ’ নামে পরিচিত। মূল্যবান রত্ন ও ধাতু ব্যবহার করে ইস্টার এগ তৈরি করার খ্যাতি ছিল পিটার কার্ল ফাবার্গের।১৮৪৬ সালে ৩০ মে সেইন্ট পিটার্সবার্গে জন্মগ্রহণ করেছিলেন কার্ল পিটার ফাবার্গ। ড্রেসডেন আর্টর্সের ওপর অধ্যয়ন করেছিলেন তিনি। গহনা তৈরিতে ছিল তাঁর আগ্রহ। গহনা সুন্দর ও নিখুঁত করতে তিনি ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডের বিখ্যাত স্বর্ণকারদের কাছে প্রশিক্ষণ নেন।অলংকার তৈরিতে মুন্সিয়ানার কারণে তিনি ‘মাস্টার গোল্ডস্মিথ’ খেতাব পান। ১৮৮৫ সালে রুশ-সম্রাট জার আলেকজান্ডার-৩ ফাবার্গকে ‘গোল্ডস্মিথ বাই স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ইম্পিরিয়াল ক্রাউন’ খেতাব দেন। ১৯২০ সালের ২৪ সেপ্টেম্বর মারা যান গহনার এই বিখ্যাত কারিগর।