পিডিএফ এখন পড়ে না কেউ!

পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাটের (পিডিএফ) ব্যবহার এখন অনেক কমে গেছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গার্ডিয়ান-এর এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
সাধারণত অ্যাকাডেমিক পেপার, গবেষণাপত্র কিংবা কোনো প্রার্থীর প্রোফাইল হিসেবে ট্যাবলেট বা স্মার্টফোনে এখনো কেউ কেউ পিডিএফ ফাইল ফরম্যাট ব্যবহার করেন। কিন্তু গবেষণায় দেখা গেছে, অনেক গুরুত্বপূর্ণ পিডিএফ কেউ ছুঁয়েও দেখেন না। বিশ্বব্যাংকের সার্ভারেই এ রকম অনেক পিডিএফ জমে রয়েছে।
মোট এক হাজার ৬১১টি পিডিএফ নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে, ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত পাঁচ বছর সময়ে ওয়ার্ল্ড ব্যাংকের সার্ভারে থাকা পিডিএফের মাত্র ২৫ শতাংশ এক হাজার বারের মতো ডাউনলোড হয়েছে। ৫১৭টি পিডিএফে কেউ ভুল করেও ক্লিক করেনি।
গবেষকেরা জানিয়েছেন, পিডিএফের জনপ্রিয়তা কম হওয়ার কারণ হচ্ছে এটি ব্যবহারবান্ধব নয়। এটি যন্ত্রের পক্ষে পড়া যতখানি সুবিধাজনক, মানুষের পক্ষে ততখানি নয়।
এ ছাড়া পিডিএফ থেকে সহজে টেক্সট নির্বাচন করা বা সার্চ করা যায় না। পিডিএফে যুক্ত করা চার্ট, টেবিল প্রভৃতি স্থানান্তর করাও অসুবিধা। এ ছাড়াও পিডিএফ থেকে এইচটিএমএলে রূপান্তর করে নিলেও কোনো ভুল থেকে গেছে কি না, তা দেখার জন্য সময় ব্যয় করতে হয়।
গবেষকেরা জানিয়েছেন, অধিক জনসংখ্যাপূর্ণ মধ্য আয়ের দেশগুলোর দামি ও জটিল প্রতিবেদনগুলোর পিডিএফ বেশি ডাউনলোড হতে দেখা যায়।