পিডিএফ সম্পাদনার সহজ সুবিধা দেবে ড্রপবক্স ও অ্যাডোবি

পিডিএফ সম্পাদনা, সংরক্ষণ আর বিনিময় করার কাজটি আরও সহজ করছে অ্যাডোবি। এ কাজটি সবখানে সহজভাবে করার জন্য তারা ফাইল হোস্টিং সাইট ড্রপবক্সের সঙ্গে চুক্তি করেছে। এর ফলে ড্রপবক্স ব্যবহার করে অফিসে, বাড়িতে কিংবা চলতি পথেও পিডিএফ সম্পাদনার কাজ করা যাবে।
অ্যাডোবি কর্তৃপক্ষ জানিয়েছে, মোবাইল ডিভাইস, ডেস্কটপ এবং ওয়েবে ড্রপবক্স ও অ্যাডোবি তাদের অ্যাপের মধ্যে সংযুক্তি আনবে। এতে আরও দ্রুত ও সহজে পিডিএফ ফাইল খোলা ও ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
অ্যাডোবি ডকুমেন্ট ক্লাউডের ব্যবস্থাপক কেভিন এম লিঞ্চ গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, পিডিএফের উদ্ভাবক হিসেবে দুই দশক ধরে নিরাপদ ডিজিটাল ডকুমেন্টের নিশ্চয়তা দিয়ে যাচ্ছে অ্যাডোবি। মঙ্গলবার থেকে বিশ্বব্যাপী ড্রপবক্স ব্যবহারকারীরা তাঁদের ড্রপবক্স অ্যাকাউন্টটিকে ডেস্কটপ থেকে অ্যাক্রোব্যাট ডিসি বা অ্যাক্রোব্যাট রিডারের সঙ্গে যুক্ত করতে পারবেন। এতে অ্যাডোবির গ্রাহকেরা তাঁদের ডকুমেন্ট ব্যবহারে আরও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
এর ফলে ড্রপবক্সে সংরক্ষণ করে রাখা পিডিএফ ফাইল সরাসরি অ্যাডোবি অ্যাপসের মাধ্যমে সম্পাদনা করা যাবে। ড্রপবক্স ব্যবহারকারীরা অ্যাডোবি অ্যাপ ব্যবহার করে ফাইল খোলা, সম্পাদনা করা বা পরিবর্তন করে তা সংরক্ষণ করার কাজটি ড্রপবক্স সাইটে, আইওএস অ্যাপে বা অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যেই করতে পারবেন।
ড্রপবক্সের প্রধান পরিচালক ডেনিস উডসাইড বলেন, ড্রপবক্সে আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের একসঙ্গে কাজের বিষয়টিকে সহজ করে দেওয়া। অ্যাডোবির সঙ্গে চুক্তির ফলে ব্যবহারকারীরা তাঁদের ফাইল দ্রুত খুলতে ও বিনিময় করতে পারবেন। বিনা মূল্যের অ্যাক্রোব্যাট রিডার মোবাইল অ্যাপ বা ডেস্কটপে অ্যাক্রোব্যাট ডিসিতে সহজে ট্যাপ বা ক্লিক করে পিডিএফ ফাইল দেখা এবং বাড়তি কাজ করা যাবে। এ ধরনের ফাইলে কোনো পরিবর্তন করা হলে তা স্বয়ংক্রিয়ভাবে ড্রপবক্সে সংরক্ষণ হয়ে যাবে। কাজ শেষ হলে তা শেয়ার ফোল্ডার বা ড্রপবক্স লিংক ব্যবহার করে শেয়ার করা যাবে। ডকুমেন্ট সহজে সিনক্রোনাইজও করা যাবে।