পিপিআরে দেশি প্রতিষ্ঠানকে সমান সুযোগ দেওয়ার আহ্বান
সরকারি ক্রয়নীতিতে (পাবলিক প্রকিউরমেন্ট রুলস-পিপিআর) বর্তমানে বিদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বেশি সুযোগ পেয়ে থাকে। নীতিমালায় এমন কঠিন শর্ত আরোপ করা হয় যে দেশীয় প্রতিষ্ঠানগুলো এককভাবে টেন্ডারে অংশ নিতে পারে না। সব সরকারি ক্রয়ে যাতে দেশি-বিদেশি সব তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সমানভাবে প্রতিযোগিতায় অংশ নিতে পারে, সে জন্য একটি সুনির্দিষ্ট সংশোধন প্রস্তাব ও নুমনা দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।গত বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে বেসিস কার্যালয় পরিদর্শনের আসা পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের কাছে এ প্রস্তাব তুলে দেন বেসিসের সভাপতি শামীম আহসান। প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পরিকল্পনামন্ত্রী স্বল্পতম সময়ের মধ্যে পিপিআর বা সরকাির ক্রয়নীতির প্রস্তাবিত সংশোধন নিশ্চিত করার আশ্বাস দেন।
এ সময় আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আফতাব-উল-ইসলাম, বেসিসের সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম, এ কে এম ফাহিম মাশরুরসহ অনেকে উপস্থিত ছিলেন।
বেসিসের পক্ষ থেকে আগামী পাঁচ বছরের রূপকল্প ‘ওয়ান বাংলাদেশ’ তুলে ধরা হয়। বলা হয়, আগামী পাঁচ বছরে এক বিলিয়ন ডলার রপ্তানি আয়, এক মিলিয়ন তথ্যপ্রযুক্তি পেশাজীবী তৈরি, প্রতিবছর এক কোটি ইন্টারনেট গ্রাহক তৈরি এবং দেশের জিডিপিতে ১ শতাংশ অবদান রাখার লক্ষ্যে বেসিস কাজ করে যাচ্ছে।