পিরোজপুরে চালু হলো জ্ঞানকেন্দ্র
পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে ডা. এস কে মজুমদার কৃষি ও কারিগরি ইনস্টিটিউটে চালু হলো জ্ঞানকেন্দ্র। এ কেন্দ্র পরিচালনা করবে আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি কেন্দ্র। গতকাল শনিবার এ উপলক্ষে ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সদর আসনের সাংসদ এ কে এম এ আউয়াল। বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায়সচিব মিহির কান্তি মজুমদার, পিরোজপুরের জেলা প্রশাসক মো. রুহুল আমীন, আমাদের গ্রাম স্বাস্থ্য প্রকল্পের (ই-হেলথ) দলনেতা রিচার্ড আর লাভ, আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চান। রেজা সেলিম তাঁর বক্তব্য বলেন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অঞ্চলে বিশেষ তথ্যসেবা এই কেন্দ্রের মাধ্যমে দেওয়া হবে। গতকাল ডা. এস কে মজুমদার কৃষি ও কারিগরি ইনস্টিটিউটে আমাদের গ্রামের পক্ষ থেকে ১০টি কম্পিউটার দেওয়া হয়েছে। স্থানীয় শিক্ষার্থীরা ইনস্টিটিউটের এই কম্পিউটার থেকে কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবে। —আরিফ মোস্তফা, পিরোজপুর