পিসি ও মোবাইল ঠান্ডা রাখবে যে প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাফিন
গ্রাফিন

সচল কম্পিউটারের যে পরিমাণ শক্তির প্রয়োজন পড়ে তার অর্ধেকই খরচ হয় কম্পিউটারটিকে ঠান্ডা রাখতে। নতুন একটি প্রযুক্তি এ বিষয়টিতে পরিবর্তন আনবে বলেই আশা করছেন সুইডেনের গবেষকেরা। খবর আইএএনএসের।
গবেষকেরা বলছেন, গ্রাফিন ভিত্তিক ফিল্ম ব্যবহার করে তাঁরা কার্যকর কুলিং ইলেকট্রনিকস পদ্ধতি উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন। সুইডেনের চামারস ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষকেরা দাবি করেছেন, কার্যকর ভাবে অতিরিক্ত তাপ থেকে রক্ষা করা গেলে যন্ত্রের সুরক্ষার পাশাপাশি এতে শক্তিও কম খরচ হয়। গ্রাফিন থেকে যে ফিল্ম পাওয়া যায় তা সিলিকনভিত্তিক ইলেকট্রনিকস যন্ত্রের সঙ্গে যুক্ত করা। এটি কপার বা তামার চেয়ে চারগুণ বেশি তাপ পরিবাহী।
গ্রাফিনকে বিস্ময়কর উপাদান বলা হয়। যুক্তরাজ্যের গবেষকেদের তৈরি গ্রাফিন এমন একটি পদার্থ যা স্টিলের চেয়েও শক্তিশালী অথচ বিশ্বের সবচেয়ে পাতলা উপাদান। বিদ্যুৎ পরিবাহী হিসেবেও এটি চমৎকার।
গবেষকেরা বলছেন, গ্রাফিন আসলে বহুরূপী মৌল কার্বনের একটি ভিন্ন অবস্থামাত্র। অদূর ভবিষ্যতে বিশ্বকে এই​ পদার্থটি আমূল বদলে দিতে যাচ্ছে বলেই মনে করছেন তাঁরা। ২০০৪ সালে আবিষ্কৃত গ্রাফিন বর্তমান বিশ্বে বৈদ্যুতিক যন্ত্রপাতি, সংবেদনশীল যন্ত্রাংশ, সৌরবিদ্যুৎ কোষ, ইন্টারনেটের গতি বৃদ্ধির প্রযুক্তি, চিকিৎসা প্রযুক্তিসহ কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এর নমনীয়তা এবং শক্তিশালী উপাদান হিসেবে বিভিন্ন ইলেকট্রনিকস থেকে শুরু করে চিকিৎসার যন্ত্রপাতিতেও এটি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। তবে দুষ্প্রাপ্যতা এবং জটিল ও ব্যয়বহুল উৎপাদন পদ্ধতির কারণে গ্রাফিনের ব্যবহার সীমিত রয়েছে।

গবেষকেরা এর আগে দেখিয়েছিলেন যে, সিলিকনভিত্তিক ইলেকট্রনিকসকে গ্রাফিন ব্যবহারে ঠান্ডা করা যায় কিন্তু সমস্যা ছিল যে সিলিকন চিপের ওপর ওই গ্রাফিন ফিল্মকে আটকে রাখার বিষয়টি। গবেষক জোহান লিউ দাবি করেন, সমস্যাটি সমাধান করা সম্ভব হয়েছে। সিলিকন ও গ্রাফিনের মধ্যে বিশেষ ধরনের বন্ধন তৈরি করে এই সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে। এ ধরনের বন্ধনের ফলে গ্রাফিনের তাপ পরিবহন ক্ষমতাও বাড়ে।
লিউ বলেন, ‘গ্রাফিন ভিত্তিক এই ফিল্ম আরও দ্রুতগতির, ক্ষুদ্র, শক্তিসাশ্রয়ী ও উচ্চ শক্তির ইলেকট্রনিকস তৈরির পথ দেখাতে পারে।’