পিসি নিয়ে যা বললেন মাইকেল ডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল ডেল
মাইকেল ডেল

ডিজিটাল দুনিয়ায় যখন হালকা-পাতলা যন্ত্রগুলো নিয়ে মাতামাতি বেশি, তখন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডেল টেকনোলজিসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মাইকেল ডেল পিসিকে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। ডেল বলেছেন, পার্সোনাল কম্পিউটার (পিসি) বিভাগ এখনো ডেলের মূল ব্যবসা। এখান থেকে আয় বাড়ছে এবং পিসির বাজারের দখলও বাড়ছে।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ডেল-ইএমসি ওয়ার্ল্ড ২০১৭ উপলক্ষে গত সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডেলের প্রতিষ্ঠাতা। তিনি বলেন, সাধারণ পিসির বাইরেও ডেল টেকনোলজিস অনেক কিছু করেছে। কিন্তু গ্রাহকদের কাছে এখনো পিসি অনেক গুরুত্বপূর্ণ। পিসির গড় বিক্রিমূল্য বেড়ে যাচ্ছে বলে আয় বাড়ছে। একই সঙ্গে পিসির বাজারে শেয়ার বাড়ছে।

মাইকেল ডেল আরও বলেন, ডেল টেকনোলজিসের কাছে এখনো পিসি ব্যবসায় মূল ব্যবসা। কারণ, পিসি দিয়ে ইন্টারনেট অব থিংস (আইওটি), আর্টিফিশিয়াল রিয়্যালিটি (এআর) ও ভার্চ্যুয়াল রিয়্যালিটির (ভিআর) মতো বিষয়গুলোর শক্তিশালী কাঠামো তৈরি হচ্ছে।

এশিয়ার পিসি নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে মাইকেল ডেল বলেন, টানা ১৭ প্রান্তিক ধরে বাজারে শেয়ার বাড়ছে ডেলের। ১ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার খাতটিতে খুব ভালো অবস্থানে আছে ডেল। শিগগিরই পিসি-অ্যাজ-আ-সার্ভিস সেবা চালু করবে ডেল। এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে সফটওয়্যারের মতোই পিসি ব্যবহারের সুযোগ দেবে ডেল।

প্রযুক্তি মানুষের কাজের ঝুঁকি বাড়াচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে মাইকেল ডেল বলেন, ‘আমি মনে করি, প্রতিষ্ঠানগুলোর মূল চ্যালেঞ্জ নতুন প্রযুক্তির সঙ্গে তাদের ব্যবসাকে মানিয়ে নেওয়া। আমার বিশ্বাস, প্রযুক্তি ও মানুষ প্রযুক্তি বনাম মানুষ নয়। প্রতিটি প্রযুক্তি মানুষের সক্ষমতা ও কর্মক্ষেত্র বাড়ায়।’

বিশ্বের ১৮০টি দেশে ১ লাখ ৪০ হাজার কর্মী আছে ডেল-ইএমসির। প্রতিষ্ঠান দুটির বার্ষিক আয় ৭৪০ কোটি মার্কিন ডলার।
ছোট প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়া সম্পর্কে মাইকেল ডেল বলেন, প্রযুক্তি এখন আর কেবল আইটি ফাংশন বা প্রযুক্তি বিভাগের অংশ নেই। ব্যবসার আকার যা–ই হোক না কেন, প্রযুক্তি ছাড়া চলবে না।

ডেল প্রতিবছর ৪৫০ কোটি মার্কিন ডলার গবেষণা ও উন্নয়নে খরচ করে।

ব্যক্তিগত জীবন সম্পর্কে ডেল বলেন, তিনি এমন এক পরিবার থেকে এসেছেন যে পরিবারের সবাই চিকিৎসক। তিনি শুধু ব্যতিক্রম। তিনি মজা করে বলেন, যদি চিকিৎসক হতাম! কিন্তু এখন চিকিৎসা জগতেও প্রযুক্তির কল্যাণে অনেক দুর্দান্ত কিছু চলে এসেছে। যদি গত ৩০ বছরের প্রযুক্তি যদি উৎসাহব্যঞ্জক, চমৎকার ও দুনিয়া বদলানোর প্রযুক্তি হয়, তবে পরের ৩০ বছরে তা আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

তথ্যসূত্র: আইএএনএস।