পিসি বিক্রিতে এগিয়ে গেছে লেনোভো
পারসোনাল কম্পিউটার (পিসি) তৈরি ও বিক্রির দিক থেকে চীনা প্রতিষ্ঠান লেনোভো এখন হিউলেট-প্যাকার্ডকে পেছনে ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার এ তথ্য জানিয়েছে। গার্টনারের অনুসন্ধানে দেখা গেছে, ২০১২ সালের প্রথম নয় মাসে হিউলেট-প্যাকার্ড (এইচপি) আট কোটি ৭৫ লাখ পারসোনাল কম্পিউটার বিভিন্ন দেশে রপ্তানি করেছে, যা গত বছরের তুলনায় ৮ দশমিক ৩ শতাংশ কম। এদিকে লেনোভো এ বছর হিউলেট-প্যাকার্ডের চেয়ে বেশি পারসোনাল কম্পিউটার বিভিন্ন দেশে রপ্তানি করেছে। পিসির বাজারে লেনোভোর অংশীদারি এখন ১৫ দশমিক ৭ শতাংশ, এইচপির দখলে আছে ১৫ দশমিক ৫ শতাংশ। গার্টনারের হিসাবে ১০ দশমিক ৫ শতাংশ বাজার নিয়ে তৃতীয় স্থানে আছে ডেল। এর পর আছে তাইওয়ানের এসার (৯.৮ শতাংশ) ও আসুস (৭.৩ শতাংশ)। তবে গার্টনার বলেছে, সার্বিকভাবে পারসোনাল কম্পিউটারের বিক্রি কমে গেছে। গত বছর সারা বিশ্বে ৩৫ কোটি ২৮ লাখ ইউনিট পিসি বিক্রি হয়েছিল। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত যত পিসি বিক্রি হয়েছে, তা থেকে বিশ্লেষকেরা ধারণা করছেন, এ বছর ৩৪ কোটি ৮৭ লাখ ইউনিটের বেশি পিসি বিক্রি হবে না। ট্যাবলেট কম্পিউটারের প্রতি মানুষের আগ্রহের কারণে পিসির বিক্রি কমেছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।যুক্তরাষ্ট্রের প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান আইএইচএসআই সাপ্লাই জানিয়েছে, ১১ বছরের মধ্যে এবারই পিসির বিক্রি পড়তির দিকে। গত মাসে সারা বিশ্বে ট্যাবলেট কম্পিউটার বিক্রি হয়েছে ১২ কোটি ৬৬ লাখ। অনেক বিশ্লেষকের ধারণা, ২০১৬ সাল নাগাদ ট্যাবলেট কম্পিউটারের বিক্রি পিসির বিক্রিকে ছাড়িয়ে যাবে। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান