পিসির বাজার এখনো সম্ভাবনাময়

অনেকেই বলেন পিসি বা ব্যক্তিগত কম্পিউটারের দিন শেষ। স্মার্টফোন বা ট্যাবলেটের জনপ্রিয়তার কারণে পিসির বিদায়ঘণ্টা বেজে গেছে বলে যাঁরা মনে করছেন তাদের জন্য আশার বাণী শোনাচ্ছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো।
লেনোভোর দাবি, এখনও পিসির যুগ শেষ হয়নি। স্মার্টফোন ও ট্যাবলেট পিসির জায়গা এখনও পুরোপুরি দখল করে নিতে পারেনি। লেনোভো ইন্ডিয়ার নির্বাহী পরিচালক রাহুল আগরওয়াল এ প্রসঙ্গে জানিয়েছেন, লাখো মানুষের ডিজিটাল জীবনযাপন ও ব্যবসার কেন্দ্রে এখনও রয়েছে পিসি। তবে এখন মানুষ পিসির পাশাপাশি অন্যান্য প্রযুক্তিপণ্যের দিকেও ঝুঁকছে।
এ বছর বাজার-গবেষণা প্রতিষ্ঠান আইডিসির এক গবেষণায় দেখা গেছে, ৯১.৩ শতাংশ মানুষ ট্যাবলেট কম্পিউটারকে পিসির বিকল্প হিসেবে ভাবেন না তাঁরা। এই গবেষণায় ৫৮.৫ শতাংশ মানুষ জানিয়েছিলেন, পিসি বা ল্যাপটপের বিকল্প হিসেবে নয় বরং ল্যাপটপের পাশাপাশি অতিরিক্ত আরেকটি প্রযুক্তিপণ্য হিসেবে ট্যাব বা স্মার্টফোনের কথা ভাবেন তাঁরা।
লেনোভো কর্তৃপক্ষের ভাষ্য, দুই হাজার কোটি ডলারের কম্পিউটারের বাজার এখনও শেষ হয়ে যায়নি। উদ্ভাবনী পিসি বাজারে আনলে ক্রেতাদের আকৃষ্ট করে এখনও লাভ করা সম্ভব বলে মনে করে লেনোভো। আগামী বছর উন্নত হার্ডওয়্যারের নতুন নতুন পণ্য আনার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।