পিসির বাজারে শীর্ষে লেনোভো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিসির বাজারে শীর্ষে রয়েছে লেনোভো।
পিসির বাজারে শীর্ষে রয়েছে লেনোভো।

বৈশ্বিক পিসির বাজারে সর্বোচ্চ বাজার দখল করে শীর্ষে রয়েছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা লেনোভো। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারের ১৯ দশমিক সাত শতাংশ লেনোভোর দখলে। ১৭ দশমিক চার শতাংশ দখল নিয়ে বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে এইচপি। ১৪ শতাংশ দখল নিয়ে বাজারের তৃতীয় অবস্থানে রয়েছে ডেল।
অবশ্য, গার্টনারের গবেষকেরা বলছেন, এ বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন এই তিন মাসে পিসির বাজার সংকুচিত হয়েছে। দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক পিসি শিপমেন্ট সাড়ে নয় শতাংশ কমেছে। এ সময় ছয় কোটি ৮৪ লাখ ইউনিট পিসি বাজারে এসেছে। ২০১৩ সালের তৃতীয় প্রান্তিকের পর থেকে এটাই ছিল সবচেয়ে কম পিসি শিপমেন্ট। গার্টনারের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরে গড়ে পিসির বাজার চার দশমিক চার শতাংশ কমে যাবে। খবর পিটিআইয়ের।
গার্টনারের বিশ্লেষক মিকাকো কিতাগাওয়া বলেন, কিছু অঞ্চলে পিসির দাম তুলনামূলকভাবে বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে এর বিক্রিতে। এ ছাড়া গত বছরে উইন্ডোজ এক্সপি থেকে মাইক্রোসফট সমর্থন সরিয়ে নেওয়ার কথা বললে কিছু মানুষ নতুন পিসি কিনেছিল যাতে ওই সময় পিসি বিক্রি কিছুটা বিক্রি বেড়েছিল। কিন্তু এ বছর নতুন পিসি কেনার ক্ষেত্রে মানুষের মধ্যে কোনো প্রভাবকের উপস্থিতি ছিল না।
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে দুই কোটি ৪২ লাখ ইউনিট পিসি বাজারে এসেছে যা গত বছরের দ্বিতীয় প্রান্তিকের চেয়ে দুই দশমিক নয় শতাংশ কম। ডেস্কটপ পিসি ও মোবাইল পিসি উভয়ই গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এবার বাজারে কম এসেছে। পিসির বড় বাজার চীনেও চার শতাংশ কম শিপমেন্ট হয়েছে এবার।