পিসির যুগ কি শেষ?

একটা সময় বহনযোগ্য পিসি ছিল কল্পনার বিষয়। কিন্তু একসময়ের বিশাল আকৃতির পিসি এখন চলে এসেছে হাতের নাগালে। তবে স্মার্টফোনের মতো প্রযুক্তি চলে আসায় অনেকেই পিসির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন। সে দলে অবশ্য নেই মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ড ইনকরপোরেশনের (এইচপি) প্রধান নির্বাহী কর্মকর্তা ডিওন উইজলার। তাঁর মতে, পিসি থাকবে, তবে পিসির রূপ বদলে যাবে।
পারসোনাল কম্পিউটার বা পিসির উদ্ভাবনী ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন এইচপির প্রধান নির্বাহী ডিওন। তিনি বলেছেন, ভবিষ্যতে উদ্ভাবনী প্রযুক্তি কম্পিউটিংকে এগিয়ে নেবে। ভার্চ্যুয়াল, অগমেন্টেড রিয়্যালিটি ও থ্রিডি প্রিন্টিং ভিত্তি পেতে শুরু করেছে। একটা সময় ছিল পিসিতে স্পর্শ সুবিধা ছিল না কিন্তু এখন হাতের নাগালে স্মার্টফোন চলে এসেছে। কোয়ার্টি কিবোর্ড ছাড়া চলা সম্ভব হবে কেউ কি ভেবেছিল?
ডিওন উইজলারের মতে, কিছু জটিল কাজ আছে, যা স্মার্টফোনে সমাধান করা যায় না। কাজের ওপর ভিত্তি করে ভিন্ন ইন্টারফেস দরকার পড়ে। পিসির ইন্টারফেসে ব্যাপক পার্থক্য চোখে পড়বে। সব ধরনের পৃষ্ঠে কম্পিউটিং ডিভাইস দেখা যাবে। তাই পিসি কোথাও যাচ্ছে না। এটার আকার-আকৃতি বদলাতে পারে। সব সময় কোনো না কোনো ফরম্যাটে পিসি থাকবে। কিছু কম্পিউটারে স্পর্শ করা লাগবে, কিছু কম্পিউটার কথা বলেই চালু হবে। গাড়ি হয়ে উঠবে কম্পিউটিং প্ল্যাটফর্ম। মানুষের জীবনের অনুষঙ্গ হয়ে উঠবে কম্পিউটিং প্রযুক্তি। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।