পীরগঞ্জে রাকাবের প্রথম কম্পিউটারাইজড ব্যাংকিং চালু
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ঠাকুরগাঁও জোনের পীরগঞ্জ শাখায় কম্পিউটারাইজড ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। রাকাব রংপুর বিভাগের মহাব্যবস্থাপক এস এম শামসুল আলম সম্প্রতি ব্যাংক ভবনে গ্রাহকের চেক ডেবিট করার মাধ্যমে কম্পিউটারাইজড ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন। কম্পিউটারাইজড ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সেখানে তিন শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকাবের ঠাকুরগাঁও জোনাল ব্যবস্থাপক মো. তরিকুল আলম। সভায় কম্পিউটারে ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে গ্রাহকসেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সভায় বক্তব্য দেন রাকাব প্রধান কার্যালয়ের কম্পিউটার বিশেষজ্ঞ খোন্দকার গোলাম মোস্তফা, পীরগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. শামসুল হক শাহ সহ অনেকে। রংপুর বিভাগের মহাব্যবস্থাপক এস এম শামসুল আলম প্রথম আলোকে জানান, কম্পিউটারাইজড ব্যাংকিং কার্যক্রমের আওতাভুক্ত শাখা হিসেবে পীরগঞ্জ রংপুর বিভাগের মধ্যে প্রথম এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৩৬৫টির মধ্যে সপ্তম শাখা। —কাজী নুরুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি