পুঁচকে কম্পিউটার ‘ইট্টি-বিট্টি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি চীনা প্রযুক্তিবিদেরা ‘এমকে৮০২’ নামে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-নির্ভর ইউএসবি সদৃশ ক্ষুদ্র একটি কম্পিউটার তৈরি করেছেন। এই কম্পিউটারকে বলা হচ্ছে ‘ইট্টি-বিট্টি’ কম্পিউটার।‘যত ছোট তত ভাল’—প্রযুক্তির বিশ্বে এই কথাটা বেশ প্রচলিত। প্রচলিত এই কথার সঙ্গে মিলিয়ে কম্পিউটারের প্রসেসিং শক্তি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ছোটো আকারের পণ্যের চাহিদাও প্রযুক্তির বাজারে দিনকে দিন বেড়েই চলেছে। এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, মাত্র সাড়ে তিন ইঞ্চি মাপের প্লাস্টিকে মোড়া এই কম্পিউটার ডিভাইসটিতে রয়েছে অলউইনার এ ১০ মডেলের এক কোরের প্রসেসর, ১.৫ গিগাহার্টজের এআরএম সিপিইউ, মালি ৪০০ জিপিইউ এবং ৫১২ মেগাবাইট র‌্যাম। চীনের বাজারে ইউএসবি-সদৃশ এই কম্পিউটারটির দাম মাত্র ৭৪ ডলার। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচ চালিত সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটার এটি।উল্লেখ্য, কিছুদিন আগে নরওয়ের প্রযুক্তিপ্রতিষ্ঠান এফএক্সআই ‘কটন ক্যান্ডি’ নামে প্রায় একই ধরনের একটি ডিভাইস বাজারে আনার কথা জানিয়েছিল। এফএক্সআই জানিয়েছিল, ‘কটন ক্যান্ডি’ বাজারে আসতে আরও বেশ কিছুদিন দেরি হবে। কিন্তু ‘কটন ক্যান্ডি’ বাজারে আসার আগেই চীনের বাজারে মাত্র ৭৪ ডলারের ‘ইট্টি-বিট্টি’ নামের ডিভাইসটির দেখা মিলেছে। এফএক্সআই জানিয়েছিল, কটন ক্যান্ডি ডিভাইসটির দাম হবে ১৯৯ ডলার।