পুচকে অভিযাত্রীর বিশ্বরেকর্ড

প্রায় ৫০০ বছর আগের কথা। ইনকা সম্প্রদায়ের এক শিশু আন্দিজ পর্বতমালার আকোনকাগুয়ায় হারিয়ে যায়। ১৯৮৫ সালে খুঁজে পাওয়া যায় সেই ইনকা শিশুটিকে। প্রায় সতেরো হাজার ৪০০ ফুট উচ্চতায়, বরফে ঢাকা আকোনকাগুয়ায় তার শরীর মমি হয়ে ছিল এত দিন। বিজ্ঞানীরা বলছেন, ইনকা শিশুটির বয়স ছিল মাত্র সাত বছর। সে কেমন করে এত দূর পৌঁছে গেল, কী হয়েছিল সেদিন, তা আজও এক রহস্য। তার বিপৎসংকুল শেষ দিনগুলোর কথা আমাদের আর জানার সুযোগ নেই। তবে তার মতোই অসীম সাহসী টেইলর আর্মস্ট্রংয়ের অভিযানের কাহিনি তোমাদের বলতে পারি। টেইলরের বয়স সবে নয় বছর। তার রক্তেও পাহাড়ে চড়ার নেশা। নিজেকে তৈরিও করছে সেভাবে। গত বছর আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিলিমানজারো জয় করে টেইলর। তারপর দীর্ঘ প্রস্তুতি। খুব ভোরে পড়শিরা সবাই যখন ঘুমিয়ে থাকে, বাবার সঙ্গে ততক্ষণে অনুশীলনে নেমে পড়ে সে। আর বিকেলে বন্ধুরা যখন জমিয়ে খেলাধুলায় মত্ত, টেইলর তখন পাহাড়ে চড়ার অনুশীলনগুলো ভালো করে ঝালিয়ে নেয়। এভাবে দুবেলা প্রস্তুতি চলে দীর্ঘ ছয় মাস। তারপর বাবা কেভিন আর্মস্ট্রংয়ের হাত ধরে টেইলর যাত্রা শুরু করে আন্দিজ পর্বতমালার আর্জেন্টিনার অংশে অবস্থিত ওই শৃঙ্গের দিকে। দুই আমেরিকা মহাদেশের সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গের উচ্চতা ২২ হাজার ৮৪১ ফুট। যাত্রায় বাপ-বেটার আরও একজন সঙ্গী জুটে যান, নাম তাঁর শেরপা লহাওয়াং ধনদুপ।
বরফ আর গিরিখাদ ডিঙিয়ে তারা উঠতে থাকে আকোনকাগুয়া শৃঙ্গের দিকে। প্রচন্ড ঠান্ডায় ২০ হাজার ফুট উচ্চতায় পৌঁছে ঘটে বিপত্তি। বাবা কেভিন আর্মস্ট্রং অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকেই ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু চূড়ায় উঠতে তখন আর মাত্র দুই হাজার ৮৪১ ফুট বাকি। টেইলরই বাবাকে বাকি পথটুকু পাড়ি দেওয়ার সাহস জোগায়। অবার যাত্রা শুরু হয় পূর্ণোদ্যমে।

অবশেষে বড়দিনের ঠিক আগের দিন টেইলর পা রাখে আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আকোনকাগুয়ার চূড়ায়। সেই সঙ্গে পৃথিবীর সবচেয়ে কম বয়সী হিসেবে আকোনকাগুয়া জয় কারার রেকর্ডটি ভরে ফেলে নিজের ঝুলিতে। ব্যস, তারকা বনে যায় টেইলর! চূড়ায় উঠে টেইলর কী বলেছিল, জানো? ‘যেকোনো শিশুই এটা করতে পারবে। এর জন্য যা করতে হবে, তা হলো চেষ্টা।’
এটাও জেনে রাখো, এই শৃঙ্গে উঠতে গিয়ে এ পর্যন্ত ১০০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছেন। টেইলর শুধু নিজের আনন্দের খোরাক জোগাতেই এই দীর্ঘপথ পাড়ি দেয়নি, সে এই অভিযানে পেশির রোগ নিয়ে গবেষণার একটি তহবিল সংগ্রহেও ভূমিকা রেখেছে। এই পর্বতে চড়তে ন্যূনতম ১৪ বছর বয়স হতে হয়। মাত্র নয় বছরের টেইলর আর্মস্ট্রং কেমন করে অনুমতি পেল, সেটাও একটা রহস্য বটে!
সিদ্ধার্থ মজুমদার
সূত্র: বিবিসি নিউজ