পুতিনের ইচ্ছাপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণভোটের রায়ের পর উল্লাসে মেতে ওঠেন ক্রিমিয়ার বাসিন্দারা। ছবি: এএফপি
গণভোটের রায়ের পর উল্লাসে মেতে ওঠেন ক্রিমিয়ার বাসিন্দারা। ছবি: এএফপি

যেমনটি চেয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঠিক তা-ই হতে চলেছে। অবশেষে ক্রিমিয়া অন্তর্ভুক্ত হচ্ছে রুশ ফেডারেশনে। পশ্চিমা দেশগুলোর হুমকিধমকি থামাতে পারেনি পুতিনকে। রাশিয়ার প্রত্যক্ষ মদদে গত রোববার অনুষ্ঠিত গণভোটে ক্রিমিয়ার প্রায় ৯৭ শতাংশ মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দেয়।
পশ্চিমা দেশগুলো আগেই হুমকি দিয়েছিল। গণভোটের পর রাশিয়া ও ইউক্রেনের রুশপন্থী বেশ কিছু কর্মকর্তার ভ্রমণে নিষেধাজ্ঞা ও তাঁদের সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ২৮টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ক্রিমিয়া দখলের প্রতিক্রিয়ায় শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৮ থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে। তবে এসব নিষেধাজ্ঞায় যে পুতিন খুব একটা বিচলিত হননি, তা বোঝা যায় তাঁর পরবর্তী কর্মকাণ্ডে। নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টা পরই তিনি ক্রিমিয়াকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। এরপর ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার লক্ষ্যে একটি বিলে সই করেন ।
অনেকে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞাকে ‘নমনীয়’ বলে অভিহিত করেছে। ফরেক্স ডট কমের গবেষণা পরিচালক ক্যাথলিন ব্রুকস মার্কিন বার্তা সংস্থা এপিকে বলেছেন, ‘যেমনটা ভাবা হয়েছিল, এই নিষেধাজ্ঞা ততটা কড়া নয়। এই নিষেধাজ্ঞা রাশিয়াকে তার লক্ষ্য অর্জন করা থেকে বিরত রাখবে, তা মনে হয় না।’
তবে পশ্চিমা দেশগুলো মনে করছে, এতেই অনেক কাজ হবে। আর কাজ না হলে আরও কড়া নিষেধাজ্ঞা আরোপের পথ তো খোলাই আছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইতিমধ্যেই বলেছেন, রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে নাকগলানো অব্যাহত রাখলে বা দেশটির অন্যান্য এলাকা দখলের চেষ্টা করলে অর্থনৈতিক অবরোধ আরোপসহ আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।
এখন প্রশ্ন হচ্ছে কেন পুতিন ক্রিমিয়াকে রাশিয়ার অংশ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন? পুতিন যেমনটি বলেছিলেন, ক্রিমিয়ার রুশ-ভাষী জনগণকে রক্ষার জন্য তিনি এমন পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু আসলেই কি তা-ই? রুশ শাসকেরা যেখানে নিজেদের জনগণকে নিয়ে খুব একটা মাথা ঘামান না, সেখানে হঠাৎ ক্রিমিয়ায় থাকা আত্মীয়স্বজনে জন্য পুতিনের হঠাৎ দরদ উথলে ওঠাটা একটু অস্বাভাবিক নয় কি? ক্রিমিয়ায় রুশ-ভাষী জনগণ মোটেও খারাপ অবস্থায় নেই বা কখনো ছিলও না। তারা সেখানে প্রথম শ্রেণীর নাগরিক। ক্রিমিয়ার সরকারি ভাষা হচ্ছে রুশ। কাজেই এটা পরিষ্কার যে ক্রিমিয়া দখলের পেছনে সেখানকার রুশ-ভাষীর জনগণের স্বার্থ রক্ষার বিষয়টি কাজ করছে না।
রাশিয়ার ইতিহাসবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী আন্দ্রে জুবভ পুতিনের ক্রিমিয়া দখলের পেছনে কয়েকটি কারণের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে একটি হচ্ছে, ইউক্রেনে রয়েছে গ্যাস ও তেলের বিশাল ভান্ডার। ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হলে স্বাভাবিকভাবে এই গ্যাস ও তেলের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। ফলে দেশটি আরও তেল ও গ্যাস রপ্তানি করতে পারবে।
দ্বিতীয় কারণ হচ্ছে, ইউক্রেনের সরকারবিরোধী বিক্ষোভে মস্কোর শাসকেরা সম্ভবত ভয় পেয়েছেন। ইউক্রেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচের পরিণতি তাঁদের আতঙ্কিত করে তোলে। ইউক্রেনের রাজধানী কিয়েভে সরকারবিরোধী বিক্ষোভ চলার সময় বিক্ষোভকারীরা সোভিয়েত নেতা ভ্লাদিমির লেনিন, কিরভ ও দেরঝিনস্কির ভাস্কর্য ভেঙে ফেলেন। প্রবল কমিউনিস্ট-বিরোধী এই মনোভাবও রুশ শাসকদের ভয় পাইয়ে দেয়। তাঁদের মনে এই আশঙ্কা তৈরি হয় যে এই একই ধরনের বিক্ষোভ রাশিয়াতেও হতে পারে। সেই কারণেই ক্রিমিয়া দখল। এর মধ্য দিয়ে পুতিন নিজ দেশের ভিতরে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে কোণঠাসা করতে পেরেছেন। সেই সঙ্গে বেড়েছে তাঁর জনপ্রিয়তা।
পুতিনের ক্রিমিয়া দখলের আরেকটি কারণ হতে পারে তাঁর সাম্রাজ্যবাদী মনোভাব। এক সময় ক্রিমিয়া রাশিয়ারই অংশ ছিল। আঠারো শতকের শেষে ক্রিমিয়া রাশিয়ার দখলে আসে। ৬০ বছর আগে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রয়াত প্রেসিডেন্ট নিকিতা খ্রুশ্চভ ইউক্রেনকে দিয়ে দেন। পুতিনের মতে, খ্রুশ্চভের ওই সিদ্ধান্ত ছিল ‘ঐতিহাসিক ভুল’ । তাই সুযোগ পেয়ে এতদিন পর তিনি ক্রিমিয়াকে নিজের নিয়ন্ত্রণে নেন।
তবে কারণ যা-ই হোক না কেন, পুতিনের এই উদ্যোগ সারা বিশ্ব থেকে রাশিয়াকে অনেকটাই বিচ্ছিন্ন করেছে। ক্রিমিয়া দখলের মাধ্যমে পুতিন গোটা ইউক্রেন দখলের পাঁয়তারা করছেন, এমনটাও মনে করছেন অনেকে। তবে পুতিন আসলে কতটুকু অগ্রসর হবেন,সেটা এখন দেখার অপেক্ষা।
রোকেয়া রহমান, সূত্র: ওয়াশিংটনপোস্ট ও বিভিন্ন ওয়েবসাইট