পুনর্মিলনীর আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুনর্মিলনীর আয়োজনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের কয়েকজন
পুনর্মিলনীর আয়োজনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের কয়েকজন

একসময় গান গেয়ে পুরো বিভাগ মাতিয়ে রাখতেন রনি। আর আজকের এই আয়োজনে তিনি গাইবেন না! তা কি হয়? বন্ধুদের তোড়জোর, গান গাইতেই হবে। আবদার ভেসে এল মুক্তমঞ্চে বসা শিক্ষার্থীদের মধ্য থেকেও। কী আর করা! মনে মনে ‘উপায় নেই’ বলে অবশেষে মঞ্চে উঠলেন। সঙ্গ পেলেন আমীন মাসুদ আলী ও মাহবুব মির্জার। দরাজ কণ্ঠে শীতল করলেন চৈত্রের উষ্ণসন্ধ্যা।
এ হলো ২৮ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সপ্তম পুনর্মিলনী উৎসবের শেষ বেলায় সাংস্কৃতিকসন্ধ্যার খণ্ডচিত্র, যেখানে ৪২টি ব্যাচের নতুন-পুরোনো সহস্রাধিক শিক্ষার্থীর মিলন মেলা বসেছিল। এদিন হূদয়ের টানে প্রাক্তন শিক্ষার্থীরা ছুটে এসেছিলেন ফেলে যাওয়া সেই চিরসবুজের ক্যাম্পাসে। ৪২ সংখ্যাটি যে নেহাত ক্ষুদ্র নয়, তা বিভাগের দিনব্যাপী আয়োজন দেখেই বোঝা গেল। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, উদ্বোধনী, প্রাক্তন ছাত্রছাত্রীদের নানা কীর্তি, কর্মজীবনের বাহাবা নিয়ে গ্রুপ আলোচনা আর দিন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতেই কি আর আশ মেটে? তাই যুক্ত হলো স্মৃতিচারণা।
১৪তম ব্যাচের এজাজুল ইসলাম আর ১৬তম ব্যাচের নুরুন্নাহার শিরিন যেমন জানালেন, ‘জীবনের পাঁচটি বছর মিশে আছে এই ক্যাম্পাসের ঘাস, পাখি, লেকের সঙ্গে। এ মধুময় স্মৃতি ভুলি কেমনে?’ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, টিএসসি ও বটতলার আনাচকানাচে অনেককে আড্ডা দিতে দেখা গেল। কথায়-আড্ডায় সময় গড়ায়। বিকেলে সূর্যের কিরণ হালকা হতে থাকে। বিভাগের বর্তমান শিক্ষার্থীরাও যোগ দেন পুরোনোদের সঙ্গে। পলাশ আহমেদ বললেন, ‘আজ অনেক বড় ভাইয়া-আপুর সঙ্গে দেখা হলো, যাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। আজ আমরা তাঁদের সঙ্গে বসে গল্প করলাম।’
‘বাপরে! গত তিন দিনে কী যে খাটুনি গেল। নাটকের রিহার্সেল। অনুষ্ঠানের জন্য এটা জোগাড় করো, অমুক জায়গায় যাও, তমুককে ডাকো...।’ মাঝখানেই তানভীরের কথা শুরু, ‘যা-ই হোক, তার পরও তো ভালোভাবে শেষ হয়েছে।’ একটা তৃপ্তির ছাপ তার মুখে। এতক্ষণ চুপচাপ যে সাদিয়া আফরিন কেয়া, তিনিও মুখ খুললেন, ‘বড় ভাই-বোনদের কর্মজীবনের বর্ণনা শুনে, কর্মজীবন সম্পর্কে আমার ধারণাই পাল্টে গেছে।’ নয়নাভিরাম লেকের এক কোণে কে যেন লিখে গেছেন—‘ফিরে আসব আবার’। সন্ধ্যার অন্ধকারে হারানো পয়সার মতো সবাই শুধু খুঁজতে থাকেন। আবার কবে দেখা হবে, হারানো বন্ধুদের সঙ্গে?