
জার্মান বেতার সংস্থা ডয়চে ভেলের ‘দ্য বেস্ট অব ব্লগস-ববস ২০১৪’ প্রতিযোগিতার জুরি পুরস্কার গ্রহণ করেছেন রাগিব হাসান। গত সোমবার রাতে তিনি জার্মানির বন শহরে ‘বাংলা ব্রেইল’ প্রকল্পের পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন। তিনি এ পুরস্কার বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের উৎসর্গ করেছেন। ‘গ্লোবাল মিডিয়া ফোরাম’-এর উদ্বোধনী দিনে বিজয়ীদের মধ্যে চলতি বছরের পুরস্কার বিতরণ করা হয়। এতে মিসর, ফিলিস্তিন, বাংলাদেশ, ভারত ও ইউক্রেনের দ্য ববস বিজয়ী প্রকল্পের প্রতিনিধিরা পুরস্কার গ্রহণ করেন।
বাংলা ভাষায় এ বছর দ্য ববসের ‘সেরা উদ্ভাবন’ বিভাগে বিচারকমণ্ডলীর রায়ে এবং ইন্টারনেট ভোটে পুরস্কার পায় বাংলা ব্রেইল প্রকল্প (www.banglabraille.org )। এ প্রকল্পে অনলাইন উদ্যোগের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল বইয়ের ডিজিটাল সংস্করণ এবং অডিও বই তৈরি করা হচ্ছে৷ ওয়েবসাইট ও একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে প্রকল্পটি পরিচালনা করা হয়।
পুরস্কার প্রাপ্তির পর বাংলা ব্রেইলের সমন্বয়ক ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহামে কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাগিব হাসান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘বাংলা ব্রেইল প্রকল্পের প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবীর পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করে আমার খুব ভালো লেগেছে। আমাদের কর্মীরা দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন নিঃস্বার্থভাবে। এটি তাঁদের কাজের বড় স্বীকৃতি, আর একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে দৃষ্টিহীন শিক্ষার্থীদের প্রাত্যহিক সংগ্রামের ব্যাপারে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখবে।’
রাগিব হাসান বলেন, ‘সবার সাহায্য পেলে এই শিশুদের কাছে আমরা পৌঁছে দিতে পারব জ্ঞানের আলো, এটাই আমার স্বপ্ন।’ উল্লেখ্য, ২০১৩ সালে শুরু হয় বাংলা ব্রেইল প্রকল্প। এতে অনেকেই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন।
বাংলা ব্রেইল ছাড়াও এবারের ববেস বাংলাদেশের উইমেন চ্যাপ্টার ও জিরো টু ইনফিনিটি সাইট পিপলস চয়েস পুরস্কার পেয়েছে।