বিচারবহির্ভূত হত্যা, গুমসহ নিরাপত্তা বাহিনীর অন্যায় আচরণের প্রতিবাদে সোচ্চার থেকে ‘রিপোর্টার্স উইদাউট ব্লগার’ শাখায় বিজয়ী হয়ে পুরস্কার গ্রহণ করলেন বাংলা ব্লগার আবু সুফিয়ান। সম্প্রতি জার্মানির বন শহরে গ্লোবাল মিডিয়া ফোরামের মূল মঞ্চে আনুষ্ঠানিকভাবে আবু সুফিয়ানের হাতে পুরস্কার তুলে দেন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জার্মানির নির্বাহী পরিচালক ক্রিস্টিয়ান মায়ার। এ সময় সুফিয়ান বলেন, ‘আমি মনে করি, এই পুরস্কারটি বাংলা ভাষাভাষী সব ব্লগারকে অনুপ্রাণিত করবে ভালোভালো কাজের জন্য।’ বিশ্বের বিভিন্ন দেশের ব্লগার, সাংবাদিকদের উপস্থিতিতে এ আয়োজনে বিজয়ী প্রতিটি ব্লগ সম্পর্কে বিশেষ মাল্টিমিডিয়া প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। অনুসন্ধানী সাংবাদিক ও ব্লগার আবু সুফিয়ান বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত লিখেছেন। প্রতিযোগিতার ছয়টি মূল শাখার একটি ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ বিভাগে এই প্রথম কোনো বাংলা ব্লগার পুরস্কৃত হলেন। এ ছাড়া অনলাইনে পাঠকদের ভোটে ‘আসিফ মহিউদ্দিনের ব্লগ’ এবং ‘সুড়ঙ্গু-নিয়াজের ভুবন’ নির্বাচিত হয়েছে।প্রতিযোগিতার এবারের আসরে সেরা ব্লগের পুরস্কার জিতেছেন ইরানি ব্লগার আরাস সিগারচি। এবার জুরি অ্যাওয়ার্ড বিজয়ী অন্য ব্লগগুলো হলো—সেরা ব্লগ ক্যাটাগরিতে ফার্সি ভাষার ‘উইনডো অব অ্যাঙ্গুইশ’ বা ‘বেদনার জানালা’, সামাজিক সচেতনতায় প্রযুক্তি ক্যাটাগরিতে আরবি ভাষার ব্লগ ‘হ্যারেসম্যাপ’, সেরা সামাজিক আন্দোলন প্রচারণা ক্যাটাগরিতে আরবি ভাষায় ব্লগার রাজান গাহাভির মুক্তির দাবিতে তৈরি ফেসবুক ক্যাম্পেইন, সেরা ভিডিও চ্যানেল ক্যাটাগরিতে চীনা ভাষায় ওয়াং বুয়ার ব্লগ এবং বিশেষ বিষয় ‘জনশিক্ষা ও সংস্কৃতি’ ক্যাটাগরিতে ফরাসি ভাষার ব্লগ ফাসোকান। বিস্তারিত জানা যাবে http://goo.gl/2A9Rp ঠিকানায়। —নুরুন্নবী চৌধুরী