পুরস্কার পাওয়া কুমিল্লার ইউনিয়ন তথ্যকেন্দ্র
‘চার বছর আগে ছেলে বিদেশ গেছে। এর মধ্যে টুকটাক ফোনে কথা হলেও তার মুখ দেখতে পারিনি। কিন্তু এখন সপ্তাহে তিন-চার দিন ছেলেকে দেখি ও কথা বলি।’ কথাগুলো বলছিলেন কুমিল্লা সদরের ৩ নম্বর (দক্ষিণ) দুর্গাপুর ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবাকেন্দ্রে (ইউআইএসসি) আসা আলতাফুন্নেসা। তাঁর মতো অনেকেই এখন নিয়মিত স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা নিতে আসেন এই ইউনিয়ন পরিষদে।গত বছরের ১১ নভেম্বর সারা দেশের চার হাজার ৫০১টি ইউনিয়নের মতো দুর্গাপুরেও চালু হয় ইউআইএসসি। এসব কেন্দ্রের মধ্যে অন্যতম বর্ষসেরা উদ্যোক্তা (ছয়জনের একজন) হিসেবে সম্প্রতি নির্বাচিত হয়েছেন দুর্গাপুর ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের উদ্যোক্তা দম্পতি সিরাজুল ইসলাম ও নূরুন্নাহার। ১৪ নভেম্বর জাতিসংঘের মহাসচিব বান কি মুনের হাত থেকে পুরস্কার নিয়েছেন তাঁরা। গত রোববার তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, এক বছর আগেও এ কেন্দ্র নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন। কারণ, প্রথম দিন তাঁদের আয় ছিল মাত্র পাঁচ টাকা। সিরাজুল বলেন, ‘এর পরও আমরা হাল ছাড়ি নাই। বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষকে কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি সম্পর্কে জানিয়েছি। এখন আর কাউকে ডাকতে হচ্ছে না। কারণ, সবাই বুঝে গেছে, কম টাকায় এটি অনেক দারুণ ও উন্নত সেবা।’নূরুন্নাহার বলেন, ‘সব ধরনের সরকারি ফরম ইন্টারনেট থেকে নামানো ও পূরণ করা, পাসপোর্টের ফরম পূরণ, জন্ম-মৃত্যু নিবন্ধন সনদ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরম, ব্যাংকিং-সেবা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষাবিষয়ক বিভিন্ন তথ্য ইত্যাদি সুবিধা রয়েছে। এ ছাড়া আমরা এখানে মেধাবী শিক্ষার্থীদের বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছি। গত মাসে আমরা সর্বোচ্চ ৮৫ হাজার টাকা আয় করেছি।’কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল হাসান বলেন, ‘আমাদের জেলায় ১৭৮টি ইউআইএসসি কেন্দ্রের মধ্যে প্রায় ৪০টি কেন্দ্রের আয় মাসে গড়ে ১০ হাজার টাকার বেশি। আর বাকি কেন্দ্রগুলোর উদ্যোক্তাদের আমরা নতুন করে প্রশিক্ষণ দেব আগামী মাস থেকে।’অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল মান্নান বলেন, ‘এই সেবাকেন্দ্রের মাধ্যমে যে আয় করা যায়, দুর্গাপুর ইউনিয়নের সিরাজুল ছাড়াও আমাদের দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের শরিফুল ইসলাম তার উদাহরণ।’১ নম্বর সুন্দলপুর মডেল ইউনিয়নের তরুণ উদ্যোক্তা শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের আয় এখন বেশ ভালো। আর এলাকার মানুষের সচেতনতা বাড়ায় প্রতিদিন ভিড়ও হচ্ছে বেশ। এখন সবাই এখান থেকে কম খরচে বিভিন্ন সেবা নিচ্ছে।’ শহীদ নগর এম এ জলিল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী আইরিন আক্তার, মাসুমা ও খাদিজা এখান থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছে। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, দৈনিক দুই ঘণ্টা করে প্রশিক্ষণ দেওয়া হয় তাদের। মাঝেমধ্যে না বুঝতে পারলে আরও বেশি সময় ধরে তারা কম্পিউটার শিখে নিতে পারে। সুন্দলপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মো. আসলাম মিয়াজী বলেন, ‘আমাদের উদ্যোক্তারা তাদের কাজে সাফল্য পাওয়ায় কুমিল্লা জেলার তৃতীয় সেরা উদ্যোক্তার পুরস্কার পেয়েছে। এ পুরস্কার তাদের সামনে এগিয়ে যেতে সহায়তা করবে বলে মনে করি। আর সরকারের এমন উদ্যোগের ফলে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ আরও এক ধাপ এগিয়ে যাবে।’ — ইমাম হাসান