পুরস্কৃত হলো ছয়টি প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থবারের মতো আয়োজিত আর্থিক প্রতিষ্ঠানের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের প্রতিযোগিতায় (সিএফআইসিসি) চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব আইটি অ্যান্ড ইনফরমেশনের আইআইটি-জেইউ থাস্ট্রি ক্রো দলের তৈরি মোবাইল ব্যবহারের মাধ্যমে কৃষকদের ঋণ প্রদানবিষয়ক প্রকল্প। আর বিজয়ী দলের সদস্যরা হলেন শাহনেয়াজ লিউন, মো. মাহমুদুল হাসান, মো. তানভীর রহমান ও মো. সলিমান ইসলাম। বিজয়ী দল পুরস্কার হিসেবে পেয়েছে তিন হাজার ডলার। গত বৃহস্পতিবার বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্কের (ডি.নেট) আয়োজনে এবং সিটি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ প্রকল্পকে পুরস্কৃত করা হয়। রাজধানীর একটি হোটেলে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানেপ্রধান অতিথি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন সফটওয়্যার তৈরি করে বিদেশেও রপ্তানি করা সম্ভব। আর এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা বলেন, বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিং করার অনুমতি দিয়েছে ২৬টি ব্যাংককে এবং এর মধ্যে ১৪টি ব্যাংক কাজ শুরু করেছে। তরুণ শিক্ষার্থীরা দারুণ সব সফটওয়্যার তৈরি করবেন, যা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বুয়েট-বিআরবি দলের ব্যাংক গ্রাহকদের জন্য বিশেষ অ্যাপস প্রকল্প এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছে বুয়েটের বুয়েট-বুয়েটিক দলের ‘অর্থ উত্তোলনে সহজ পদ্ধতি’ শীর্ষক প্রকল্প। প্রথম রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ দল পুরস্কার হিসেবে পেয়েছে যথাক্রমে দুই হাজার ডলার ও এক হাজার ডলার। এ ছাড়া তৃতীয় রানার্সআপ ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ডিআইইউ অ্যাভাঞ্জার্স দল ও বুয়েটের ইনফারনো দলকে ক্রেস্ট পুরস্কার দেওয়া হয়। এবারই প্রথম ঢাকার বাইরের বিশেষ ক্যাটাগরিতে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ক্রিয়েটিভ মাইন্ডস দলকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ডি.নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান। পরে চতুর্থ সিএফআইসিসির বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রতিযোগিতার প্রকল্প ব্যবস্থাপক ফারাহ শারমিন। অনুষ্ঠানে সিটি বাংলাদেশের হেড অব মার্কেট, পরিচালক ও ন্যাশনাল ট্রেজারার সাজেদুল ইসলাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, চতুর্থ সিএফআইসিসির বিচারক উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতায় তিনটি ধাপের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়। প্রতিযোগিতার বিজয়ী দল, প্রথম ও দ্বিতীয় রানারআপ দলকে আর্থিক পুরস্কার ছাড়াও ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। বিস্তারিত তথ্য পাওয়া যাবে http://cficc.dnet.org.bd ঠিকানায়। —নুরুন্নবী চৌধুরী