
বাইরে খাওয়া যেমন তেমনি ঘুরে বেড়ানোটাও দারুণ পছন্দ আপনার? দুটোই পাবেন একজায়গায়। পুরান ঢাকায় দেখা মিলবে এই দুয়ের। আহসান মঞ্জিল আর সদরঘাট ঘুরে দেখেই তো কেটে যায় পুরো দিন। আর পেটে টান পড়লে দুই মিনিট হেঁটেই সোজা চলে আসতে পারেন ‘নানা রেস্তোরাঁ’য়। আহসান মঞ্জিলের পাশেই রেস্তোরাঁ আর পার্টি সেন্টার মিলিয়ে গড়ে উঠেছে নানা। পাটুয়াটুলির ৩ ওয়াইজঘাট রোডের পুরোনো স্টার সিনেমা হলের দোতলাই নানার ঠিকানা।
সকাল থেকে রাত, যেকোনো সময়েই খেতে আসতে পারেন এখানে। বাংলা, চীনা ও প্রাচ্যের খাবারের বিশাল এক তালিকা থেকে বেছে নিতেন পারেন আপনার পছন্দের খাবার। খাবারের ফরমাশ দিয়েই শুরু হতে পারে আড্ডা। কিছুক্ষণের মধ্যেই গরম গরম ধোঁয়া ওঠা পছন্দের খাবার চলে আসবে আপনার টেবিলে। নানার ব্যবস্থাপক মিলন মাসুম বলেন, ‘পুরান ঢাকায় খাবার বা পার্টির জন্য এত বড় জায়গা খুঁজে পাওয়া দুস্কর। বিয়ে, জন্মদিন বা যেকোনো পার্টির জন্য ভাড়া নেওয়া যাবে নানা। আর খাবারের মান নিয়ে আমরা কখনোই আপস করি না। ৬০০ জনের ধারণক্ষমতা আছে আমাদের এখানে।’
জংলি কড়াই, ইরানি দম বিরিয়ানি বা ইরানি মোরগ পোলাও, হারাভারা কাবাব নানার জনপ্রিয় খাবার। কোয়েল পাখি, কবুতর ও পাহাড়ি মোরগ দিয়ে তৈরি হয় জংলি কড়াই। তুর্কি ধাঁচে রান্না করা এই খাবারটি পরিবেশন করা হয় সরাসরি কড়াইতে। মাটির মালসার ওপর ফয়েল পেপার মুড়িয়ে খাবার দেওয়া হয়।
এসব ছাড়াও পাবেন সরষে ইলিশ, মুরগির রেজালা, গরু বা খাসির মাংসের কালো ভুনা, রেশমি কড়াই, কাশ্মীরি কড়াই, চিংড়ির মালাই কারি, রুপচাঁদা মাছ। নানারকম কাবাব, গ্রিল, পরোটা, ফলের রসও আছে।
কাঠ আর কাচের সঙ্গে মানানসই আলোকসজ্জায় সাজানো এখানকার অন্দর। শিশুদের জন্য আছে খেলার জায়গা। গাড়ি রাখা নিয়েও চিন্তা নেই। প্রতিদিন সকাল আটটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকে নানা।