পুরুষ সঙ্গী ছাড়াই মাছের প্রজনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছের এমন একটি প্রজাতির খোঁজ মিলেছে, যা পুরুষ সঙ্গীর সাহায্য ছাড়াই প্রজননক্ষম। কারেন্ট বায়োলজি সাময়িকীতে প্রকাশিত নতুন এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি মোহনায় বসবাসকারী করাত-মাছের তিন শতাংশের কোনো জৈবিক পিতা নেই। মায়ের কাছ থেকে এক জোড়া এবং বাবার কাছ থেকে আরেক জোড়া জিন পাওয়ার পরিবর্তে কিছু কিছু করাত-মাছ শুধু মায়ের কাছ থেকেই উত্তরাধিকারসূত্রে দুই জোড়া জিন পেয়ে থাকে। ছোট ছোট দাঁতযুক্ত এসব স্ত্রী মাছ কখনো কখনো যৌনসংসর্গ ছাড়াই বংশ বৃদ্ধি করতে পারে। তাদের ডিএনএ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এ তথ্য পেয়েছেন। এর আগে বন্দী পাখি, সরীসৃপ ও হাঙরের ক্ষেত্রে অযৌন জনন প্রক্রিয়ার প্রমাণ পাওয়া গেলেও মুক্ত প্রাণীর ক্ষেত্রে এই প্রথম এ ধরনের বৈশিষ্ট্য শনাক্ত করা হলো। ইনডিপেনডেন্ট।