পুরোনো উইন্ডোজ অ্যাপ্লিকেশন না চললে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইন্ডোজের পুরোনো সংস্করণ আর উইন্ডোজ ৭ বা ৮ অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্য অনেক। এমনিতে উইন্ডোজ এক্সপির বেশির ভাগ সফটওয়্যার উইন্ডোজ ৭ বা ৮-এ চালানো যায়। নিরাপত্তা ও সম্পৃক্ততা বৈশিষ্ট্যের কারণে অনেক অ্যাপ্লিকেশন অথবা বিভিন্ন চালক সফটওয়্যার (ড্রাইভার) পুরোনো উইন্ডোজে খুব ভালো রকম চললেও নতুন সংস্করণের উইন্ডোজে সেটা আর কাজ করে না। ফলে কম্পিউটারে নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করলে অনেকেই প্রয়োজনীয় ড্রাইভার এবং প্রিয় অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করতে গিয়ে সমস্যায় পড়েন।
এর একটি সহজ সমাধান অবশ্য মাইক্রোসফট দিয়ে রেখেছে। যে প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে বা চালাতে গিয়ে সমস্যা হচ্ছে, সেটির শর্টকাট আইকন অথবা সেটআপ (.exe বা এক্সিকিউটেবল) ফাইলটিতে ডান ক্লিক করে Troubleshoot compatibility অপশনে ক্লিক করতে হবে। তখন দুটি অপশনসহ নতুন একটি উইন্ডো আসবে। সেখান থেকে Try recommended settings অপশনে ক্লিক করলে উইন্ডোজ নিজে থেকেই অ্যাপ্লিকেশনটির কম্প্যাটিবিলিটি সংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান বাতলে দেবে। এরপর Start the program বোতামে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটির ইনস্টলেশন ঠিকভাবে শুরু হবে। ইনস্টলেশন শেষ হলে প্রোগ্রাম কম্প্যাটিবিলিটি উইন্ডোতে Yes, save these settings for this program অপশনটি বাছাই করে সেটি বন্ধ করে দিতে হবে।
এ কাজটি নিজে থেকে একটু অন্যভাবেও করা যায়। সমস্যাযুক্ত অ্যাপ্লিকেশনটির সেটআপ বা এক্সিকিউটেবল ফাইলটিতে মাউসের ডান ক্লিক করে Properties অপশনটি নির্বাচন করুন। তারপর Compatibility ট্যাব বাছাই করে সেখান থেকে Run this program in compatibility mode for: অপশনটিতে টিক দিয়ে নিচের মেনু থেকে প্রোগ্রামটি যে উইন্ডোজ সংস্করণটিতে ভালো রকম চলত, সেটি দেখিয়ে দিন, যেমন Windows XP (Service Pack 3)। তারপর OK করে সেটআপ ফাইলটি চালিয়ে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অ্যাপ্লিকেশনটি ভালোভাবেই চলবে।— মঈন চৌধুরী