পুরোনো বিষয় নতুন করে ফেসবুকে?

ফেসবুকে অনেক আগের কোনো পোস্ট বা ছবি নতুন করে দেখাচ্ছে? অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকের এই ‘ছবি-বিভ্রাট’ নিয়ে আলোচনা করছেন। বার্ষিক ‘ইয়ার ইন রিভিউ’ ফিচারটি উন্মুক্ত করার পর থেকেই ফেসবুকে পুরোনো ছবি ও পোস্ট নতুন করে টাইমলাইনে উঠে আসতে শুরু করে। এ বিষয়টিতে ফেসবুক ব্যবহারকারীর কোনো অনুমতি লাগছে না।
৯ ডিসেম্বর ফেসবুকের এই ত্রুটি ধরা পড়ে। এ প্রসঙ্গে ফেসবুকের এক মুখপাত্র প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট পিসিম্যাগকে বলেছেন, ‘বিষয়টি সম্পর্কে ফেসবুক কর্তৃপক্ষ ওয়াকিবহাল ও বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে।’
একজন ফেসবুক ব্যবহারকারী ফেসবুক হেল্প কমিউনিটিতে লিখেছেন, ‘গত রাতে একগুচ্ছ পুরোনো ছবি টাইমলাইনে উঠে আসে, যা আমি করিনি। এটা কি কোনো ত্রুটি বা ভুলবশত হয়েছে? নাকি ফেসবুক হ্যাক হয়েছে?’
বেশ কিছুদিন ধরেই নানা বিষয় নিয়ে সমালোচনার মুখে পড়েছে ফেসবুক। এর মধ্যে রয়েছে ভুয়া খবর ছড়ানোর বিষয়টি। গত নভেম্বরে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ দাবি করেছিলেন, ৯৯ শতাংশের বেশি ফেসবুক তথ্য নির্ভরযোগ্য খুব অল্প পরিমাণ ভুয়া বা হোক্স থাকতে পারে।
গত মাসেই ভুলবশত বেশ কিছু ফেসবুক প্রোফাইলকে ‘মৃত’ মানুষের প্রোফাইল হিসেবে দেখিয়েছিল ফেসবুক। এর মধ্যে জাকারবার্গের নিজের প্রোফাইলও ছিল। তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস।