পুরোনো প্রযুক্তি সহায়তা করছে মিসরের বিক্ষোভকারীদের
ফ্যাক্স মেশিন, হ্যাম রেডিও ও ডায়াল-আপ মডেম মিসরে বিক্ষোভকারীদের মধ্যে যোগাযোগে সহায়তা করছে। প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে মিসরে সাত দিন ধরে বিক্ষোভ করছে হাজার হাজার জনতা। গত মঙ্গলবার এ বিক্ষোভ শুরু হয়। গত বৃহস্পতিবার মিসর সরকার বেশির ভাগ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে বিক্ষোভকারীরা সাময়িক অসুবিধার মুখে পড়লেও পুরোনো প্রযুক্তির সাহায্যে তারা ঠিকই পরস্পরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে। ব্রডব্যান্ড সংযোগ ছিন্ন করে দিলেও মোবারকবিরোধীরা ঠিকই ডায়াল-আপ মডেমের সাহায্যে ইন্টারনেট চালু করে। ইন্টারনেটের মাধ্যমে তারা বিক্ষোভের খবর ছড়িয়ে দিচ্ছে সারা বিশ্বে। অনেক মিসরীয় জানিয়েছে, তারা এখন গুগল, টুইটার ও ফেসবুকে প্রবেশ করতে পারছে এবং এর মাধ্যমে দেশের ভেতরের ও বাইরের লোকজনের সঙ্গে মতবিনিময় করছে। ডায়াল-আপ মডেম ছাড়াও হ্যাম রেডিও ও ফ্যাক্স আদান-প্রদানের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখছে বিক্ষোভকারীরা। বেশির ভাগ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলেও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান নুরের ইন্টারনেট সেবা চালু রয়েছে। কারণ, এটি দেশটির স্টক এক্সচেঞ্জের নেটের সঙ্গে এবং পশ্চিমা দেশগুলোর অনেক প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান