পুরোনো ফোনের বিপদ ও সুরক্ষা

পুরোনো মোবাইল ফোন ফ্যাক্টরি রিসেট করার পরও তা থেকে তথ্য উদ্ধার করা সম্ভব। পুরোনো ফ্যাক্টরি রিসেট করা ফোন ঘেঁটে নগ্ন সেলফি উদ্ধার করতে পেরেছেন বলেই দাবি করেছেন চেক রিপাবলিকের নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যাভাস্টের গবেষকেরা । বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
অ্যাভাস্টের গবেষকেরা দাবি করেছেন, পুরোনো মোবাইল ফোন থেকে তথ্য উদ্ধারে তাঁরা প্রচলিত ও সহজে পাওয়া যায় এমন টুল, সফটওয়্যার ব্যবহার করেছেন। পরীক্ষার সময় ই-বে থেকে কেনা সেকেন্ড হ্যান্ড বা পুরোনো মোবাইল ব্যবহার করেছিলেন গবেষকেরা। এই গবেষণায় তথ্য মুছে ফেলার পরও মোবাইল ফোন থেকে নগ্ন ছবির পাশাপাশি ইমেইল, টেক্সট মেসেজ ও গুগল সার্চের মতো বিষয়গুলো বের করা সম্ভব হয়েছে বলে তাঁরা দাবি করেছেন।
মোবাইল ফোন থেকে তথ্য মুছে ফেলার উপায় সম্পর্কে গবেষকেরা জানিয়েছেন, ফ্যাক্টরি রিসেট করেও মোবাইল ফোনের তথ্য পুরোপুরি মুছে ফেলা সম্ভব হয় না। এজন্য পুরোনো মোবাইল ধ্বংস করে ফেলা ছাড়া তথ্য সুরক্ষা করা সম্ভব নয়।
প্রায় সব স্মার্টফোনেই এখন ফ্যাক্টরি রিসেট অপশন দেখা যায়। এই অপশন ব্যবহার করে মোবাইল ফোনটিকে রিসেট করা যায় এবং মোবাইল ফোন ফ্যাক্টরি থেকে যেভাবে তৈরি সেই সিস্টেমে আনা যায় বলে দাবি করা হয়।
অ্যাভাস্টের গবেষকেরা দাবি করছেন, ফ্যাক্টরি রিসেট করা হলেও পুরোনো কিছু স্মার্টফোনে ডাটা ইনডেস্ক কেবল মুছে যায়, যার অর্থ বাজারে সহজলভ্য কিছু টুল দিয়েই ওই স্মার্টফোনের মুছে ফেলা সব তথ্য উদ্ধার করা সম্ভব। পুরোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন বিক্রির আগে বা কাউকে দেওয়ার আগে তথ্য মুছে ফেলা যথেষ্ট নয়। আপনার ফাইলকে ওভাররাইট করে তথ্য যাতে উদ্ধার করা না যায় সে ব্যবস্থা করতে হবে। (ওভাররাইটিংয়ের জন্য শ্রেডরয়েড অ্যাপ্লিকেশনটি কাজে লাগানো যেতে পারে।)
অ্যাভাস্টের গবেষকেরা জানিয়েছেন, অনলাইন স্টোর ইবে থেকে কেনা ২০ টি পুরোনো ফোন থেকে ৪০ হাজার ছবি তাঁরা উদ্ধার করেছেন যাঁর মধ্যে ৭৫০ জন নারী ও ২৫০ জন পুরুষের নগ্ন ছবি রয়েছে। এ ছাড়াও দেড় হাজার শিশুদের ছবি, এক হাজার গুগল সার্চ ৭৫০ ইমেইল ও টেক্সট মেসেজ ২৫০ কন্টাক্ট নেম ও ইমেইল অ্যাড্রেস উদ্ধার করা সম্ভব হয়েছে।
এদিকে অ্যাভাস্ট তাদের পরীক্ষায় অনেক পুরোনো স্মার্টফোন ব্যবহার করেছে বলে দাবি করেছে গুগল। বর্তমান বাজারে প্রচলিত স্মার্টফোনগুলোতে ব্যবহূত হচ্ছে সর্বাধুনিক সংস্করণের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। অ্যাভাস্ট এরকম কোনো স্মার্টফোন ব্যবহার করেনি বলেই অভিযোগ গুগলের।
অবশ্য, নিরাপত্তা নিশ্চিত করতে ‘ফ্যাক্টরি রিসেট’ করার আগে ডিভাইসের যাবতীয় ডেটা এনক্রিপ্ট করে নেওয়ার পরামর্শ দিয়েছে গুগল। এই সুবিধাটি তিন বছর আগেই চালু করেছে গুগল। কিন্তু তা ডিফল্ট আকারে রাখেনি। আপনার পণ্যের সব ডাটা এনক্রিপ্ট করার সুবিধা দেয় অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডের সিকিউরিটি সেটিংস থেকে ডাটা এনক্রিপ্ট করা যায়। এতে মোবাইল বা ট্যাব প্রতিবার চালু করার সময় ডাটা বা তথ্যে ঢুকতে আলাদা করে পাসওয়ার্ড ও পিন দেওয়ার প্রয়োজন পড়ে। এনক্রিপশন করা থাকলে ফোন যদি দুর্বৃত্তের হাতে পড়ে এবং একবার বন্ধ করে তা আবার চালু করে তবে পিন বা পাসওয়ার্ড ছাড়া তথ্য চুরি করতে পারবে না। ডাটা এনক্রিপশন করলে ফোনের গতি কিছুটা কমে যেতে পারে।
কম্পিউটার সিকিউরিটি বিশ্লেষক গ্রাহাম ক্লুলেই এ প্রসঙ্গে বলেন, কোনো ব্যবহারকারী যদি প্রাইভেসি ও নিরাপত্তার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেন তবে তাঁর উচিত হবে মোবাইল যন্ত্রটিকে পিন বা প্যাসফ্রেইজ ব্যবহার করে এনক্রিপ্ট করে রাখা। অবশ্য, এনক্রিপ্ট করার পরও পুরোনো মোবাইল নিরাপদ নয় বলেই বিবিসিকে জানিয়েছেন আইটি গভর্ন্যান্স নামের একটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। অ্যালান কালডার নামের ওই বিশেষজ্ঞ বলেন, গুগলের তথ্য সুরক্ষার নিয়মনীতি গুলো কেবল তথ্য উদ্ধারের ক্ষেত্রে জটিলতা বাড়ায় একে অসম্ভব করে তোলে না। আপনার তথ্য যদি কাউকে উদ্ধার করতে না দিতে চান তবে আপনার উচিত হবে পুরোনো মোবাইল ধ্বংস করে ফেলা।
মোবাইল সুরক্ষার কী ব্যবস্থা নেবেন?
ইন্টারনেট সুরক্ষা পণ্য নির্মাতা ইসেটের গবেষকেদের মতে, স্মার্টফোন ও ট্যাবলেটে মানুষের নির্ভরতা বেড়েই চলেছে। এ ধরনের যন্ত্রে আমরা ব্যক্তিগত তথ্য বেশি বেশি করে সংরক্ষণ করে রাখছি যা আমাদের ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি বাড়িয়ে তুলছে।
স্ক্রিন লক ব্যবহার করুন
প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনে নিরাপত্তা হিসেবে স্ক্রিন লক করার সুবিধা রয়েছে। পিন, পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন লক
পদ্ধতির মাধ্যমে আপনার পণ্যটিকে লক করে রাখতে পারেন। অ্যান্ড্রয়েডের সিকিউরিটি সেটিংসে গিয়ে লক সক্রিয় করা যায়। স্বয়ংক্রিয় বা নির্দিষ্ট সময় অন্তর লক করা বিষয়টিও সেট করা যায়।
ডিভাইস এনক্রিপ্ট করুন
আপনার পণ্যের সব ডাটা এনক্রিপ্ট করার সুবিধা দেয় অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডের সিকিউরিটি সেটিংস থেকে ডাটা এনক্রিপ্ট করা যায়। এতে মোবাইল বা ট্যাব প্রতিবার চালু করার সময় ডাটা বা তথ্যে ঢুকতে আলাদা করে পাসওয়ার্ড ও পিন দেওয়ার প্রয়োজন পড়ে। এনক্রিপশন করা থাকলে ফোন যদি দুর্বৃত্তের হাতে পড়ে এবং একবার বন্ধ করে তা আবার চালু করে তবে পিন বা পাসওয়ার্ড ছাড়া তথ্য চুরি করতে পারবে না। ডাটা এনক্রিপশন করলে ফোনের গতি কিছুটা কমে যেতে পারে।
অফিসের কাজে নিজের পণ্য নয়
আপনার নিজের মোবাইল বা ট্যাব কী অফিসের কাজে ব্যবহার করেন। ইন্টারনেট নিরাপত্তা পণ্য নির্মাতা ইসেটের গবেষকেরা বলছেন, অফিসের কাজে নিজের পণ্য ব্যবহার করার সময় ঝুঁকি সম্পর্কে সচেতন না থাকার কারণে ৩০ থেকে ৪০ শতাংশ ক্ষেত্রেই ভাইরাস আক্রমণের শিকার হওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই নিজের পণ্যটি অফিসের কাজে যখন ব্যবহার করা হবে তখন অফিসের তথ্যপ্রযুক্তি দল বা কর্মকর্তাদের কাছে পরামর্শ নিন এবং তাদের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য আপনার ফোনে জমা রাখুন।
অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার সচল করুন
আপনার মোবাইল ফোন যদি বেহাত হয়ে যায় তখন অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার ফিচারটির কল্যাণে আপনার পণ্যটিকে গুগল ম্যাপে ট্র্যাক করতে পারবেন। এ ছাড়াও মোবাইল ফোনটি চালু থাকলে পূর্ণ ভলিউমে টানা পাঁচ মিনিট কল দিতে পারবেন। এমনকি দূর থেকেই আপনার সব তথ্য মুছে দিতে পারবেন। আপনার মোবাইল ফোনে ডিভাইস ম্যানেজার চালু রয়েছে কিনা তা পরীক্ষা করতে সেটিংস থেকে সিকিউরিটিতে যেতে হবে। সিকিউরিটি সেটিংসের ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর থেকে আপনি ডিভাইস ম্যানেজার চালু করতে পারেন।
এসডি কার্ডে স্পর্শকাতর তথ্য নয়
আপনার মোবাইলের এসডি কার্ডে ব্যক্তিগত কিংবা আর্থিক তথ্য জমা রাখার বিষয়ে সতর্ক থাকুন। এসডি কার্ডের তথ্য সহজে মুছে ফেলা এবং হাতিয়ে নেওয়া সহজ বলে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণে এসডি কার্ডে ভরসা না করাই ভালো। কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ যদি করতেই হয় তবে তা ইন্টারনাল মেমোরিতেই করুন।
যেখান সেখান থেকে অ্যাপ ডাউনলোড নয়
অপরিচিতি কোনো উত্স থেকে অ্যাপ ডাউনলোড করবেন না। অ্যান্ড্রয়েডের জন্য গুগলের প্লে স্টোরের অ্যাপসই ডাউনলোড করুন। গবেষকেরা পরামর্শ দিয়েছেন, কেবল উত্স নিশ্চিত হয়ে এবং পরিচিত প্ল্যাটফর্ম থেকেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন। কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে আপনার অনুমতি চাওয়া হচ্ছে কিনা তা খেয়াল করুন এবং অনুমতি দেওয়ার আগে অ্যাপসটির উত্স সম্পর্কে নিশ্চিত হন।
অ্যাপসের জন্যও তালা লাগান
আপনার স্মার্টফোন বা ট্যাবে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অ্যাপস লক ব্যবহার করতে পারেন। গ্যালারি কিংবা মেসেজিংয়ের সুরক্ষা হিসেবে গুগল প্লে থেকে অ্যাপ লক ডাউনলোড করে নিতে পারেন। এ ধরনের অ্যাপ ব্যবহার করলে আপনাকে আলাদা করে পাসওয়ার্ড বা পিন কোড সেট করে দিতে হবে যাতে কোন নির্দিষ্ট অ্যাপ্লিকেশন চালু করতে গেলে আগে পাসওয়ার্ড খুলে তারপর ঢুকতে হয়।
ফোন রুট করবেন না
ফোন রুট করা হলে কাস্টম অ্যান্ড্রয়েড রমের পাশাপাশি ক্ষতিকর অ্যাপসও ইনস্টল হয়ে যেতে পারে। রুট অ্যাকসেস সুবিধার অ্যাপ পণ্যের ফাইল সিস্টেমকে অন্যান্য ক্ষতিকর অ্যাপসের জন্য উন্মুক্ত করে দিতে পারে। এ ছাড়াও ফোন রুট করার বিষয়টি ফোন ওয়ারেন্টির লঙ্ঘন হতে পারে।
ব্রাউজিং করুন ছদ্মবেশে
আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বা ট্যাব থেকে ব্রাউজ করার সময় ছদ্মবেশে ব্রাউজ করুন। যদি ক্রোম দিয়ে ব্রাউজ করেন তবে অবশ্যই গুগল অ্যাকাউন্ট থেকে সাইন আউট হয়ে ব্রাউজ করবেন। আপনার পণ্যটি যদি একাধিকজন ব্যবহার করেন তবে ইনকগনিটো মোড বা পরিচয় গোপন রেখে ব্রাউজ করাটাই হবে বুদ্ধিমানের কাজ। ক্রোম ব্রাউজার আপনার সার্চ ও ব্রাউজিংয়ের ইতিহাস সংরক্ষণ করে এবং আপনার সাইন-ই থাকা অন্যান্য ডিভাইসেও তা সিনক্রোনাইজ করে।
সফটওয়্যার হালনাগাদ রাখুন
গুগল সফটওয়্যার আপডেট উন্মুক্ত করে যার মধ্যে বেশ কিছু নিরাপত্তা প্যাচ দেওয়া থাকে। ডিভাইস সেটিংস থেকে সফটওয়্যার আপডেটের বিষয়টি দেখে নেওয়া যেতে পারে। সেটিংসের অ্যাবাউট ডিভাইস মেনু থেকে সিস্টেম আপডেটের বিষয়টি দেখে নেওয়া যায়।