পুরোনো ব্রাউজারে সমর্থন দেবে না মাইক্রোসফট

ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার ৮ ও ১০ সংস্করণে সব ধরনের সমর্থন বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে মাইক্রোসফট। ২০১৬ সালের ১২ জানুয়ারির পর থেকে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীদের বাধ্যতামূলকভাবে ব্রাউজারের আপডেট সংস্করণ ব্যবহার করতে হবে।
উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮ ব্যবহারকারীদের ক্ষেত্রে ব্রাউজারের আপডেট পেতে হলে ইন্টারনেট এক্সপ্লোরার (আইই) ১১ সংস্করণ আপডেট ছাড়া আর কোনো পথ খোলা রাখছে না মাইক্রোসফট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক খবরে জানানো হয়েছে, ২০১৬ সালের ১২ জানুয়ারির আগে যদি ইন্টারনেট এক্সপ্লোরারের ১২ বা ১৩ সংস্করণ উন্মুক্ত করে মাইক্রোসফট তবে উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ৮ ব্যবহারকারীকে হালনাগাদ সংস্করণটিই আপগ্রেড করে নিতে হবে।
মাইক্রোসফটের কর্মকর্তা রজার ক্যাপ্রিওটি জানিয়েছেন, সমর্থনযোগ্য অপারেটিং সিস্টেমে ইন্টারনেট এক্সপ্লোরারের হালনাগাদ সংস্করণ আপডেট করলেই কেবল কারিগরি সমর্থন ও নিরাপত্তা আপডেটের সুযোগ দেবে মাইক্রোসফট।
এদিকে, মার্কিন প্রযুক্তি-বিশ্লেষকেরা জানিয়েছেন, ইন্টারনেট এক্সপ্লোরারের স্বয়ংক্রিয় আপগ্রেড ছাড়াও ব্রাউজারে শুধু হালনাগাদ সংস্করণে পূর্ণ সমর্থন দেওয়ার মাধ্যমে গুগলের ক্রোম ব্রাউজারের দৃষ্টান্ত অনুসরণ করছে মাইক্রোসফট।