পুরোনো মেইল সেবা বন্ধ করল ইয়াহু

পুরোনো সংস্করণের মেইল সেবা ‘মেইল ক্ল্যাসিক’ চলতি বছরের ৩ জুন থেকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইয়াহু। ইন্টারনেটের ধীরগতি থাকলে ব্যবহারকারীরা ‘মেইল ক্ল্যাসিক’-এর মাধ্যমে ইয়াহু ই-মেইল সেবা চালু করতে পারতেন।
এখন থেকে ইয়াহুর মেইল ব্যবহারকারীদের নতুন সংস্করণের মেইলটিই ব্যবহার করতে হবে এবং ইয়াহুর নতুন প্রাইভেসি নীতিমালায় সম্মতি দিতে হবে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চ।
২০১২ সালের ডিসেম্বর মাসে ইয়াহু মেইলের নতুন সংস্করণ চালু করেছিল ইয়াহু। আর ‘মেইল ক্ল্যাসিক’ সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল এ বছরের এপ্রিল মাসে । তবে সেসময় মেইল ক্ল্যাসিক কবে নাগাদ বন্ধ হবে তা জানায়নি ইয়াহু।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, নতুন সংস্করণের মেইল সেবায় ব্যবহারকারীর মেইল স্ক্যান করে নির্দিষ্ট বিজ্ঞাপন দেবে ইয়াহু যা প্রতিষ্ঠানটির আয় বাড়ানোর জন্য জরুরি।