পুরোনো মোবাইল দিন জিপিকে, পাবেন উদ্যোক্তারা

পুরোনো মোবাইল ফোন সংগ্রহ করে তা উদ্যোক্তাদের মধ্যে দান করার জন্য একটি ক্যাম্পেইন শুরু করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। হ্যাসট্যাগ ‘দেয়ারখুশি’ নামের এই ক্যাম্পেইনটি রমজান এবং আসন্ন ঈদ উল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে চালু করার ঘোষণা দিয়েছে গ্রামীণফোন কর্তৃপক্ষ।
এই ক্যাম্পেইনের আওতায় গ্রামীণফোন গ্রাহকের কাছ থেকে এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে ব্যবহৃত ইন্টারনেট ব্যবহার উপযোগী হ্যান্ডসেট সংগ্রহ করবে এবং ব্র্যাকের সহায়তায় দেশের উদ্যোক্তাদের দান করবে। আজ মঙ্গলবার এই ক্যাম্পেইন চালু করতে জিপিহাউজে গ্রামীণফোন ও ব্র্যাক একটি সমঝোতা চুক্তি সই করেছে।
গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকেরা পুরোনো ইন্টারনেট ব্যবহার উপযোগী ফোন দান করতে পারবেন। দেশজুড়ে গ্রামীণফোন সেন্টারে গিয়ে এই ফোন দান করা যাবে। প্রাপ্ত প্রতিটি ডিভাইস গ্রামীণফোন মেরামত করে ব্র্যাকের কাছে তুলে দেবে। এই হ্যান্ডসেটগুলো পরবর্তীতে তরুণ ও উৎসাহী উদ্যোক্তা এবং সমাজের অনুকরণীয় ব্যক্তিদের উপহার দেবে গ্রামীণফোন। ওই হ্যান্ডসেটের সঙ্গে বিনা মূল্যে এক বছরের ফ্রি ইন্টারনেট সুবিধা দেবে জিপি।
ক্যাম্পেইন সম্পর্কে গ্রামীণফোনের হেড অফ মার্কেটিং নেহাল আহমেদ বলেন, এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোন সেই সব মানুষকে সাহায্য করতে চায় যারা নিজেরা হয়তো ইন্টারনেট উপযোগী হ্যান্ডসেট ব্যবহার করার সুযোগ পেত না। মানুষের জীবন এবং সমাজে ইন্টারনেট অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই উৎসব উপলক্ষে আমাদের উদ্যোগটির মাধ্যমে সবার জন্য ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাব আমরা। প্রাথমিকভাবে গ্রামীণফোনের দেওয়া ৫০০ হ্যান্ডসেট এর মাধ্যমে এই ক্যাম্পেইন শুরু হবে।
ব্র্যাকের প্রতিনিধি আহমেদ নাজমুল হোসেন বলেন, এই উদ্ভাবনী ক্যাম্পেইনের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত এবং আমাদের বিশ্বাস এই ইন্টারনেট ব্যবহারের উপযোগী হ্যান্ডসেটগুলো প্রাপকদের জীবনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রামীণফোন সেন্টারে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর অনুলিপিসহ তাদের পুরোনো ফোন দান করতে পারবেন গ্রাহকেরা। হ্যান্ডসেট সংগ্রহের জন্য গ্রামীণফোনের প্রতিনিধিরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রাতিষ্ঠানিক কার্যালয়ে যাবে।