পুরোনো সেই দিনের কথা...

স্কুল পালিয়ে টিফিনের পর দলবেঁধে সিনেমা দেখা। পরদিন ভয়ে ভয়ে স্কুলে আসা। তারপর কোবাদ স্যারের শাসন! শুধু স্কুলপালানোর গল্পই নয়, হাজারো স্মৃতির ঝাঁপি নিয়ে সেদিন হাজির হয়েছিলাম আমরা—শৈলকুপা পাইলট হাইস্কুলের ১৯৯৪ সালের এসএসসির বন্ধুরা। দিনটি ছিল ১৭ অক্টোবর। আমরা এক দিনের জন্য ফিরে গেলাম ১৯ বছর আগের দুরন্ত কৈশোরে। সেদিন ভুলেই গিয়েছিলাম, কে শিক্ষক, কে সাংবাদিক, কে পুলিশ কর্মকর্তা আর কে ব্যবসায়ী। হেঁড়ে গলায় সব গান ধরলাম, নাচলাম, বুকে জড়িয়ে ধরে আনন্দে কাঁদলাম।
উদ্যোগটা যখন নিয়েছিল বন্ধু রোকনুজ্জামান, স্কুলের হাজিরা খাতা থেকে প্রায় ১২০ জন ছাত্রের বিশাল তালিকা ধরিয়ে দিল আরেক বন্ধু মীর জাহাঙ্গীর। সবার সঙ্গে শুরু হলো যোগাযোগ। কেউ লন্ডন, কেউ মালয়েশিয়া, কেউ বা যুক্তরাষ্ট্রে আর ভারতে। ফেসবুক, টেলিফোন, পত্রিকা আর টেলিভিশনের বিজ্ঞাপনে সাড়া মিলল ভালোই। এসএসসি পরীক্ষার পর সেই যে কোথায় হারিয়ে গিয়েছিলাম। দেড় যুগ পর দেখা হলো নিখিলের সঙ্গে। লন্ডনের একটি মার্কিন কোম্পানিতে চাকরির সুবাদে এখন ব্রিটিশ নাগরিক। পুলিশ কর্মকর্তা খসরুর সঙ্গে ছোটখাটো চুপচাপ স্বভাবের খসরুকে মেলাতে পারছিলাম না। অমলটা এত মোটা হয়েছে যে সেদিন দেখা না হলে চিনতেই পারতাম না। এমন অনেক ভুলে যাওয়া বন্ধুদের সঙ্গেই দেখা হয়ে মনে হচ্ছিল যেন আবারও ক্লাস করতে বসেছি। মনে পড়ছিল বেঞ্চের জায়গা দখল নিয়ে টুকটাক খুনসুটির কথাও।
আমাদের ঝিনাইদহের শৈলকুপা পাইলট হাইস্কুল প্রতিষ্ঠা হয়েছিল সেই ১৮৯৪ সালে। আমাদের ছোট পরিসরের আয়োজনে রেখেছিলাম স্যারদের জন্য সম্মাননা ক্রেস্টের ব্যবস্থা। প্রিয় কোবাদ স্যার এসেই বুকে জড়িয়ে ধরে বললেন, ‘বদি, তুই তো দেখি অনেক লম্বা হয়েছিস!’ এসেছিলেন প্রিয় জগন্নাথ স্যার, কান্তি স্যার, কামাল স্যার, পণ্ডিত স্যার। আমাদের কয়েকজন বন্ধুও এখন এই স্কুলের শিক্ষক। কামাল স্যারও তেমনি আমাদের স্কুলেরই ছাত্র। তিন প্রজন্মের শিক্ষকের মিলনমেলায় এসে বললেন, ‘আমারও খুব ইচ্ছে করছে, তোমাদের মতো করে পুনর্মিলনী করতে।’
স্মৃতির কথামালা, খাওয়াদাওয়া আর সাংস্কৃতিক অনুষ্ঠানে সাত ঘণ্টা সময় যে কীভাবে কেটে গেল টেরই পাইনি।