পুলিশকে নিয়ে রসিকতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার পুলিশ খুঁজছে ড্যানিয়েল ডেমন নামের এক পলাতককে। তাঁকে ধরিয়ে দিতে পুলিশ ফেসবুকে যে ছবি পোস্ট করেছে, এর চেয়ে আরও ভালো ছবি দেওয়ার অনুরোধ এসেছে ড্যানিয়েলের কাছ থেকে।
অস্ট্রেলিয়ার পুলিশ খুঁজছে ড্যানিয়েল ডেমন নামের এক পলাতককে। তাঁকে ধরিয়ে দিতে পুলিশ ফেসবুকে যে ছবি পোস্ট করেছে, এর চেয়ে আরও ভালো ছবি দেওয়ার অনুরোধ এসেছে ড্যানিয়েলের কাছ থেকে।

ঘটনাটি অস্ট্রেলিয়ার। পুলিশ হন্যে হয়ে খুঁজছে পলাতক ড্যানিয়েল ডেমনকে। এমনকি ‘ধরিয়ে দিন’ বলে পোস্টারও তৈরি হয়েছে তাঁর। ড্যানিয়েলের ছবি ব্যবহার করে ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে। পুলিশের সেই পোস্টে গোপন স্থান থেকে একটু রসিকতা করে মন্তব্য করেছেন ড্যানিয়েল। পুলিশকে তার নতুন ও ভালো একটি ছবি ব্যবহারের অনুরোধ করেছেন তিনি। খবর পিটিআইয়ের।

ভিক্টোরিয়ার পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ড্যানিয়েল ডেমনকে ধরিয়ে দিতে সম্প্রতি একটি ছবি পোস্ট করে। পুলিশের এই পেজটিতে দুই লাখ ৮৮ হাজারের বেশি লাইক রয়েছে। কেউ হয়তো ড্যানিয়েলের খোঁজ খবর দিতে পারবে, সেই আশা থেকেই ফেসবুকে ছবিটি পোস্ট করে পুলিশ।
ছবিটি পোস্ট করার ঘণ্টাখানেকের মধ্যে এর ফল পেতে শুরু করে পুলিশ। পলাতক ড্যানিয়েল নিজেই ওই পোস্টে মন্তব্য করেন। ড্যানিয়েল লেখেন, ‘তোমরা কি আমার একটি ভালো ছবি ব্যবহার করতে পারো? এটা বাজে একটি ছবি।’
পুলিশ কী আর কম যায়! ড্যানিয়েলের রসিকতা বুঝতে পেরে তারাও এক কাঠি সরেস মন্তব্য করে বসে। তারা ড্যানিয়েলকে ইঙ্গিত করে মন্তব্যে লেখে, ‘তুমি এসে কাছের পুলিশ স্টেশনে ঘুরে যাও, আমরা তোমার একটি নতুন ছবি তোলার ব্যবস্থা করছি।’
ড্যানিয়েল পাল্টা মন্তব্য করে লেখেন, ‘অবশ্যই সেখানে একবার ছবি তুলতে যাব। তবে কিছুটা তৈরি হয়ে তো নিতে হবে। একজন আইনজীবী ঠিক করে নিয়ে তারপর না হয় ঘুরে আসব।’
নিজের ফেসবুক পেজে এখনই পুলিশের কাছে ধরা দেবেন না বলে ইঙ্গিত দিয়েছেন ড্যানিয়েল। তিনি লিখেছেন, ‘নতুন একটা ছবি দরকার।’ পুলিশের মিডিয়া টিম উত্তরে লিখেছে, ‘আমাদের কাছে এসো। ছবি তুলে দিচ্ছি। তাও একেবারে মাগনা! ’
পুলিশ আর ড্যানিয়েলের এই রসিকতায় বেশ মজা পেয়েছেন ডেমনের বন্ধুরা। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে।’ কেউ আবার ড্যানিয়েলকে ভর্ৎসনা করে তার এই আচরণকে ‘উদ্ধত’ বলে মন্তব্য করেছেন।