পুলিশের চোখে স্মার্ট গ্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের চোখে পরা থাকবে বিশেষ ধরনের স্মার্ট গ্লাস যা সন্দেহভাজন কোনো ব্যক্তিকে দেখা মাত্র ছবি তুলে ডেটাবেজের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখবে এবং পুলিশের চোখের সামনের ডিসপ্লেতে মুহূর্তেই সেই ব্যক্তির যাবতীয় তথ্য ভেসে উঠবে। এখন এ আর কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনি নয়। গুগলের তৈরি বিশেষ চশমা বা গুগল গ্লাসেই এই সুবিধা থাকবে। আর নিউ ইয়র্ক সিটির পুলিশ এই গুগল গ্লাস নিয়ে পরীক্ষাও শুরু করেছে।

নিউ ইয়র্ক সিটি পুলিশের এক সূত্রের বরাতে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিটের এক প্রতিবেদনে বলা হয়েছে,  গুগল গ্লাসের মতো পরিধেয় প্রযুক্তিপণ্য ও কম্পিউটার নিয়ে পরীক্ষা চালাচ্ছে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ধরনের প্রযুক্তি পুলিশের কাজে কতটা কাজে লাগতে পারে তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

নিউ ইয়র্ক সিটি পুলিশের ভাষ্য, গুগল গ্লাসে যে বিল্ট ইন ক্যামেরা রয়েছে তা ভিডিওচিত্র ধারণ করতে পারে। এ প্রযুক্তিটি সাক্ষ্যপ্রমাণ জোগাড় করতে কাজে লাগবে। এই গ্লাসে নেমট্যাগ নামে বিশেষ অ্যাপস ব্যবহারের সুযোগ থাকছে। এই অ্যাপসটি কোনো ব্যক্তির ছবি তুলে আগে থেকে সংরক্ষিত ডেটাবেজে পরীক্ষা করে দেখতে পারে এবং সামাজিক যোগাযোগের ওয়েবসাইটেও নজরদারি করতে পারে। নেমট্যাগ অ্যাপ্লিকেশনটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

গুগল গ্লাস বা স্মার্টগ্লাস প্রযুক্তি যদি পুলিশ ব্যাপক হারে ব্যবহার শুরু করে তবে এর জন্য অপরাধীদের আলাদা একটি ডেটাবেজের সঙ্গে এই চশমা প্রযুক্তিকে জুড়ে দেবে।

গুগল জানিয়েছে, চশমা প্রযুক্তি নিয়ে পুলিশকে আলাদাভাবে কোনো সাহায্য তারা করছে না। নিউইয়র্ক সিটি পুলিশ কয়েকটি চশমা সংগ্রহ করে তা নিয়ে পরীক্ষা চালাচ্ছে।

এদিকে বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি গুগল গ্লাস ব্যবহার শুরু করেন তবে গুগলের জন্য বড় বাজার তৈরি হবে।