
‘পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালবেসে
পউষের শেষরাতে আরো আমি দেখি চেয়ে আবার সে আমাদের দেশে।’
ইউরোপ থেকে আসা এন্টিরিনাম, দক্ষিণ আফ্রিকার ডেইজি, ফ্রান্স থেকে আসা কারনেশন-প্যানজি-মেরিগোল্ড, মেক্সিকোর ডালিয়া-ন্যাস্টারশিয়াম, চীনের অ্যাস্টার, জাপানের চন্দ্রমল্লিকা, ক্যালিফোর্নিয়ার ক্লার্কিয়া-পপি, সিসিলির সুইটপি, যুক্তরাষ্ট্রের লুপিন প্রভৃতি রূপসী ফুল এখন বাংলাদেশে। পৌষ-মাঘের শীতের ভোরে মসলিনের মতো পাতলা ফিনফিনে কুয়াশার পর্দা কাটতেই চোখের সামনে এসে একের পর এক হাজির হয় শিশিরভেজা বিদেশি এসব পুষ্পসুন্দরী। কী রূপ আর রং ওদের! সে রূপে কবি জীবনানন্দের মতো মুগ্ধ না হয়ে কি পারা যায়?

শীতের যত ফুল
বেশির ভাগ ফুলই এসেছে ইউরোপ বা আমেরিকা থেকে। কেবল শীতকালেই সেগুলো হয়। কেননা, ওরা গরম বা বৃষ্টি সইতে পারে না। তাই এসব ফুলের শোভা দেখার জন্য শীত ঋতুকেই বেছে নিতে হবে। শীতের প্রধান ফুল নানা রকমের গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া ও কসমস। হাইব্রিড ইনকা গাঁদাগুলো অনেক বড় ও সুন্দর। হলদে-খয়েরি রং মেশানো জাম্বো গাঁদাও কম না। কুসুম রং থেকে শুরু করে কী রঙের নেই ডালিয়া? চন্দ্রমল্লিকার একটা বিশেষ গড়নের জাত হলো স্নোবল, এই ফুল খুব সুন্দর ও ফোটার পর গাছে অনেক দিন থাকে। এসব ফুল ছাড়াও আছে চীনা গাঁদা, লুপিন, ডেইজি, অ্যাস্টার, ক্যালেন্ডুলা, কারনেশন, সুইটপি, প্যানজি, কসমস, সিলভিয়া, এন্টিরিনাম, ন্যাস্টারশিয়াম, ডায়ান্থাস, ফ্লক্স, ভারবেনা, কারনেশন, পপি, হলুদ পপি, ক্লেওম, সূর্যমুখী, অ্যাজালিয়া, জারবেরা, গ্ল্যাডিওলাস, মর্নিং গ্লোরি, পিটুনিয়া, হেলিক্রিসাম প্রভৃতি ফুলের গাছ।

চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুল ফোটাতে পারেন অনেক দিন ধরে। কোথায় না লাগানো যায় শীতের ফুল—টবে, বাগানে, রাস্তার ধারে, পার্কে—সব জায়গায়। তবে যেখানেই লাগাবেন, খেয়াল রাখবেন সেখানে যেন পানি না জমে। কোনো সার না দিয়ে যদি শুধু জৈব বা কম্পোস্ট সার মাটির সঙ্গে মিশিয়ে এসব ফুলগাছ লাগান, তা হলেও সেসব গাছ ভালো ফুল দেবে, বেশি দিন ধরে ফুল দেবে। শুধু মাঝে মাঝে অল্প অল্প করে গাছের গোড়ায় পানি দিয়ে যেতে হবে। আর ভালো ফুল ফোটানোর কিছু টিপস মনে রাখতে হবে।

শীতে ভালো ফুল ফোটানোর কিছু টিপস
গাছ লাগানোর জন্য রোদ পড়ে এমন জায়গা বেছে নিন।

গাছে পানি দেওয়ার সময় শুধু গাছের গোড়ায় পানি না দিয়ে ঝাঁঝরি দিয়ে গাছের ওপর থেকে বৃষ্টির মতো গাছ-পাতা ভিজিয়ে নিয়মিত হালকা পানি দিন। এতে গাছ সতেজ হবে।
গাছের চেহারা দুর্বল দেখা গেলে পর পর তিন-চার দিন এক ঝাঁঝরি পানির মধ্যে দুই চা-চামচ ইউরিয়া সার গুলে ওপরের নিয়মে সেচ দিন।


জৈব সার কয়েক দিন পর পর অল্প অল্প করে গাছের গোড়ার চারদিকে দিন ও মাটির সঙ্গে মিশিয়ে সেচ দিন। অন্তত কুঁড়ি না আসা পর্যন্ত জৈব সার দিন।
ফুল ফোটা শুরু হলে তখন থেকে ফুল-পাতা ভিজিয়ে পানি না দেওয়া ভালো।
গাঁদা ফুলের আকার বড় করতে চাইলে প্রথম কুঁড়িগুলো নখ দিয়ে খুঁটে ভেঙে দিন।
স্বাভাবিক সময়ের আগে গাছে কুঁড়ি এলে তা ভেঙে দিন।

গাছের গোড়া ভেজা থাকলে কখনো পানি দেবেন না।
প্রতি ১০-১৫ দিন পর পর গাছের গোড়ার মাটি হালকা নিড়িয়ে বা খুঁচে দিন।
ফুল শুকাতে শুরু করলে তাড়াতাড়ি তা গাছ থেকে কেটে ফেলুন।
প্যানজি গাছের বয়স হলে ফুল ছোট হয়ে আসবে। এই অবস্থায় গোড়া থেকে ছেঁটে দিলে নতুন গজানো ডালে আবার ভালো ফুল ফুটবে।
এন্টিরিনামের ভালো ফুল পেতে হলে শুধু মাঝের ডালটি রেখে অন্য সব ডাল কচি অবস্থায় ছেঁটে দেবেন।