পূর্ণচাঁদ ঘুমে প্রভাব ফেলে

পূর্ণচাঁদ মানুষের ভালো ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। সাম্প্রতিক এক গবেষণার ফলাফলের বরাত দিয়ে এমন দাবি করেছেন বিজ্ঞানীরা। এ নিয়ে কারেন্ট বায়োলজি সাময়িকীতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়। খবরে বলা হয়, সুইজারল্যান্ডের ব্যাসেল বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এ পরীক্ষা চালান। কঠোরভাবে নিয়ন্ত্রিত একটি গবেষণাগারে স্বেচ্ছায় অংশ নেওয়া ৩৩ জনের ওপর পরীক্ষাটি চালানো হয়। তাঁরা ওই পরীক্ষাগারে দুই রাত কাটিয়েছেন।
কী উদ্দেশে পরীক্ষাটি চালানো হচ্ছে, এ ব্যাপারে এতে অংশ নেওয়া ব্যক্তিদের কিছু জানানো হয়নি। পরীক্ষাগারে তাঁদের এমনভাবে শুতে দেওয়া হয়, যাতে চাঁদ দেখা না যায়। এমনকি ঘুমের সময় ওই ঘরগুলো অন্ধকারাচ্ছন্ন ছিল। এ অবস্থায় বিজ্ঞানীরা তাঁদের ঘুম গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। বিজ্ঞানীরা লক্ষ্য করেন, অন্ধকার ঘরে ঘুমানো সত্ত্বেও যে রাতে গোলগাল চাঁদপূর্ণ থাকে, সে রাতে ওই স্বেচ্ছাসেবীদের ঘুম তেমন ভালো হয়নি। তাঁদের বেশ এপাশ-ওপাশ করতে দেখা যায়।
মানবদেহে মেলাটোনিন নামের একধরনের হরমোন রয়েছে। রাতের বেলা এর পরিমাণ বেড়ে যায় এবং দিনের বেলা তুলনামূলক কম নিঃসরণ হয়।
ওই পরীক্ষার সময় দেখা গেছে, পূর্ণিমার রাতে স্বেচ্ছাসেবকদের দেহে মেলাটোনিনের মাত্রা অন্যান্য দিনের তুলনায় কম। এ ছাড়া মস্তিষ্কের যেসব কর্মকাণ্ডের কারণে মানুষের ঘুম আসে, এর মাত্রাও কমে যায়।
বিজ্ঞানীরা জানান, পরীক্ষায় দেখা গেছে অংশ নেওয়া ব্যক্তিদের পূর্ণিমার রাতে অন্যান্য দিনের চেয়ে গড়ে পাঁচ মিনিট পর ঘুম এসেছে। গড়পড়তা স্বাভাবিক ঘুমের তুলনায় ঘুমও হয়েছে ২০ মিনিট কম।
বিজ্ঞানীরা জানান, কিছু মানুষ চন্দ্রকাতর হয়ে থাকে। এটিও ঘুম কম হওয়ার একটি কারণ হতে পারে। তবে পূর্ণচাঁদের রাতে ঘুম কম হওয়ার সঙ্গে চাঁদের আলোর কোনো সম্পর্ক নেই বলে ধারণা করা হচ্ছে।