পূর্ব আফ্রিকায় ১০০ ডলারের ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যেক শিশুর জন্য এক ল্যাপটপ (ওএলপিসি) প্রকল্পের মাধ্যমে পূর্ব আফ্রিকার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ল্যাপটপ কম্পিউটার দেওয়া হবে।এসব ল্যাপটপ শিশুদের হাতে তুলে দিতে বিভিন্ন জায়গায় যৌথভাবে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। ২০১৫ সালের মধ্যে ওএলপিসি এবং পূর্ব আফ্রিকান কমিউনিটি (ইএসি) প্রায় ৩ কোটি ল্যাপটপ পৌঁছানোর ঘোষণা দিয়েছে। মধ্য আফ্রিকায় জাতিসংঘের একটি সংস্থার সাহায্যে আরও পাঁচ লাখ ল্যাপটপ পৌঁছানোর ঘোষাণাও দিয়েছে ওএলপিসি। বর্তমানে উইন্ডোজ ও লিনাক্স দুটি অপারেটিং সিস্টেমেই চলেএসব ল্যাপটপ কম্পিউটার।‘১০০ ডলারের ল্যাপটপ’ হিসেবে পরিচিত এসব কম্পিউটারের বর্তমান দাম ২০০ ডলার হওয়ায় দুটি সংস্থাই কম মূল্যে ল্যাপটপ দেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে। ওএলপিসির কর্মকর্তা মাট কিলার বলেন, ‘ইএসির সঙ্গে যুক্ত হওয়ায় আমরা আশা করছি, ল্যাপটপটির মূল্য কমবে।’ তবে বর্তমান সময়ে প্রতিটি দেশের সরকারের উচিত প্রত্যেক শিশুকে শিক্ষিত করা এবং এ ক্ষেত্রে শিক্ষার কার্যক্রম বাড়াতে প্রযুক্তির গুরুত্বের কথা জানান তিনি। ইতিমধ্যে ইএসি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এ প্রকল্পে আর্থিক সহায়তা দিতে চিঠি দিয়েছে। ইএসির মহাসচিব জুমা মাওপাচু বলেন, এটি ভালো একটি প্রকল্প, যার সঙ্গে নানা ধরনের মানুষ এবং প্রতিষ্ঠান জড়িত। সবাই একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে, যা ২০১৫ সালের মধ্যে বিশেষ জায়গায় যেতে পারবে। এ প্রকল্পের আওতায় আফ্রিকার তানজানিয়া, রুয়ান্ডা, কেনিয়া ও উগান্ডা দেশগুলোতে কার্যক্রম চলছে। এর মধ্যে রুয়ান্ডা ছোট আকারে কাজ শুরু করেছে।দেশটি প্রায় ২০ হাজার ল্যাপটপ শিশুদের হাতে দিয়েছে।জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিউএ) ইতিমধ্যে ফিলিস্তিনের শিশুদের মধ্যে ৫ লাখ ল্যাপটপ বিতরণের কথা জানিয়েছে। মাট কিলার জানান, সারা বিশ্বে এ পর্যন্ত প্রায় ১৬ লাখ ল্যাপটপ দেওয়া হয়েছে। —বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী